কবর পাকা করা কি জায়েজ, ইসলামে কী নির্দেশনা রয়েছে?
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মৃত্যুর পর মুসলিমদের দাফনের জন্য কবর দেওয়ার বিধান রয়েছে। প্রিয়জনের মৃত্যুর পর অনেকেই স্মৃতি ধরে রাখতে কিংবা কবরটি দীর্ঘদিন সংরক্ষণের উদ্দেশ্যে পাকা করে রাখেন। কেউ কেউ আবার কবরের ওপর স্থায়ী স্থাপনা, গম্বুজ নির্মাণ করেন। এমনকি অনেক জায়গায় পীর-আউলিয়া ও ধর্মীয় ব্যক্তিত্বদের কবর ঘিরে মাজারও গড়ে উঠেছে। তবে ইসলামের দৃষ্টিতে এসব কাজ কতটা বৈধ, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে।
ইসলামি শরিয়তের নির্দেশনা অনুযায়ী, কবর পাকা করা, কবরের ওপর স্থাপনা নির্মাণ এবং কবরকে কেন্দ্র করে বিভিন্ন স্থাপনা গড়ে তোলার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। হাদিস ও ফিকহের বিভিন্ন গ্রন্থে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা পাওয়া যায়।
কবর পাকা করার বিষয়ে হাদিসের নির্দেশনা
কবর পাকা করা, তাতে চুনকাম করা কিংবা কবরের ওপর ঘর নির্মাণের বিষয়ে সরাসরি নিষেধ করেছেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)।
হজরত জাবির (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) কবর চুনকাম করতে, কবরের ওপর কোনো স্থাপনা নির্মাণ করতে এবং কবরের ওপর বসতে নিষেধ করেছেন। (সহিহ মুসলিম, হাদিস: ৯৭০)
অন্য একটি হাদিসে হজরত আলী (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) তাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, তার মধ্যে ছিল কোনো মূর্তি দেখলে তা ধ্বংস করা এবং কোনো উঁচু কবর দেখলে তা সমতল করে দেওয়া। (সহিহ মুসলিম, হাদিস: ৯৬৯)
তবে কবর চেনার সুবিধার্থে সেটিকে সামান্য উঁচু করে রাখা এবং মাথার দিকে পাথর বা অন্য কোনো চিহ্ন ব্যবহার করার সুযোগ রয়েছে। নবীজি (সা.)-এর যুগেও কবরের পরিচয় শনাক্ত করতে এ ধরনের ব্যবস্থা রাখা হতো।
পীর-আউলিয়াদের কবর পাকা করার বিধান কী?
দেশের বিভিন্ন স্থানে পীর-আউলিয়া ও ধর্মীয় মনীষীদের কবর পাকা অবস্থায় দেখা যায়। অনেক কবরের ওপর গম্বুজ, স্থাপনা কিংবা মাজার নির্মাণ করা হয়েছে। এ কারণে কারও কারও মনে প্রশ্ন জাগে, বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিদের কবর পাকা করা হলে তা কি বৈধ বলে গণ্য হবে?
ইসলামি ফিকহের আলোচনায় বলা হয়েছে, কোনো ব্যক্তির মর্যাদা বা জনপ্রিয়তার কারণে শরিয়তের বিধান পরিবর্তিত হয় না। কোনো বুজুর্গের মৃত্যুর পর তার অনুসারী কিংবা পরবর্তী প্রজন্ম কবর পাকা করলেও সেটিকে ওই ব্যক্তির নিজস্ব আমল বা নির্দেশনা হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
ইমাম আবু হানিফা (রহ.)-এর মতামতেও কবর পাকা করাকে নিরুৎসাহিত করা হয়েছে। ইমাম মুহাম্মদ (রহ.) সংকলিত ‘কিতাবুল আসার’ গ্রন্থে বলা হয়েছে, কবর চুনকাম করা, পাকা করা, কবরের পাশে মসজিদ নির্মাণ, কবরের ওপর নিশান টানানো কিংবা কোনো কিছু লেখা অপছন্দনীয়। তবে কবরে পানি ছিটিয়ে দেওয়ায় অসুবিধা নেই। (কিতাবুল আসার লিমুহাম্মদ, ২/১৯১)
এ ছাড়া ফাতাওয়ায়ে শামি, ফাতহুল বারি ও মাজমাউল বিহারের মতো গুরুত্বপূর্ণ ইসলামি গ্রন্থেও কবর পাকা করার বিষয়ে আপত্তির কথা উল্লেখ করা হয়েছে।
কবরের ওপর গম্বুজ বা স্থাপনা নির্মাণ করা যাবে?
কবরের ওপর গম্বুজ, বড় ভবন কিংবা স্থায়ী স্থাপনা নির্মাণের বিষয়েও ইসলামি ফিকহে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে।
ইমাম মুহাম্মদ (রহ.) তাঁর ‘কিতাবুল আসার’ গ্রন্থে উল্লেখ করেছেন, কবর খননের সময় যে পরিমাণ মাটি বের করা হয়, তার চেয়ে বেশি মাটি দিয়ে কবর উঁচু করা উচিত নয়। কবর পাকা করা ও লেপ দেওয়াকেও তিনি অপছন্দনীয় বলেছেন। তার বর্ণনায়, কবর চতুষ্কোণ করে নির্মাণ ও পাকা করার বিষয়ে নবীজি (সা.) নিষেধ করেছেন। এটি ইমাম আবু হানিফা (রহ.)-এর মতামতও। (কিতাবুল আসার, পৃষ্ঠা: ৯৬)
প্রখ্যাত ফিকহবিদ আল্লামা ইবনে আবেদিন শামি (রহ.) বলেছেন, কবরের ওপর ভবন নির্মাণের বৈধতা দিয়েছেন— এমন কোনো আলেমের বক্তব্য তিনি পাননি। (ফাতাওয়ায়ে শামি, খণ্ড: ২, পৃষ্ঠা: ২৩৭)
অন্যদিকে কাজি সানাউল্লাহ পানিপথি (রহ.) তার ‘মা-লা-বুদ্দা মিনহু’ গ্রন্থে ওলি-আউলিয়াদের কবরের ওপর উঁচু স্থাপনা নির্মাণ, বাতি জ্বালানো এবং এ ধরনের অন্যান্য কাজকে হারাম বলে উল্লেখ করেছেন। (পৃষ্ঠা: ৮৪)
কবরস্থানে মসজিদ নির্মাণের বিধান
কবরের ওপর বা কবরস্থান এলাকায় মসজিদ নির্মাণের বিষয়েও ইসলামি শরিয়তে নির্দিষ্ট বিধান রয়েছে। ফিকহের কিছু ব্যাখ্যা অনুযায়ী, কবরস্থানের জমিতে মসজিদ নির্মাণের ক্ষেত্রে দুটি শর্ত বিবেচনা করা হয়।
প্রথমত, জায়গাটি আর কবরস্থান হিসেবে ব্যবহার করা হয় না। দ্বিতীয়ত, সেখানে দাফন করা মৃত ব্যক্তিদের মরদেহ মাটির সঙ্গে মিশে গেছে।
উল্লিখিত শর্ত দুটি পূরণ হলে ওই স্থানে মসজিদ নির্মাণের অবকাশ রয়েছে। তবে এমন কাজকে অনুচিত হিসেবে বিবেচনা করা হয়েছে। আর শর্ত পূরণ না হলে সেখানে মসজিদ নির্মাণ বৈধ নয় বলে উল্লেখ করা হয়েছে।
এ ধরনের শর্ত উপেক্ষা করে কবরস্থানের ওপর মসজিদ নির্মাণ করা হলে ওই মসজিদে নামাজ আদায় মাকরুহে তাহরিমি বলে ফিকহের বিভিন্ন গ্রন্থে উল্লেখ রয়েছে। (উমদাতুল কারি, ৩/৪৩৫; রদ্দুল মুহতার, ৩/১৫৪; তাতারখানিয়া, ২/১৮২)
