মাগরিব না পড়লে এশার নামাজ হবে না যে ব্যক্তির
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪২ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কোনো ব্যক্তি মাগরিবের নামাজ নির্ধারিত সময়ে আদায় করতে পারেননি। পরে এশার ওয়াক্তে মসজিদে গিয়ে দেখলেন, জামাত শুরু হয়ে গেছে। এ সময় তার মনে পড়ল, মাগরিবের নামাজ এখনো কাজা রয়েছে। জামাত ছুটে যাওয়ার আশঙ্কায় তিনি ইমামের সঙ্গে এশার নামাজে অংশ নিলেন। কিন্তু এভাবে এশার নামাজ আদায় করা কি সহিহ হয়েছে? নাকি তাকে আবার এশার নামাজ পড়তে হবে?
ইসলামি বিধান অনুযায়ী, ওই ব্যক্তির আগে মাগরিবের কাজা নামাজ আদায় করা জরুরি ছিল। কারণ, তার অতীতে অন্য কোনো নামাজ কাজা না থাকলে এবং মাগরিবের নামাজ কাজা হওয়ার বিষয়টি স্মরণ থাকলে পরবর্তী ওয়াক্তের নামাজের আগে কাজা নামাজ আদায় করতে হবে।
এমনকি কাজা নামাজ আদায় করতে গিয়ে এশার জামাত ছুটে যাওয়ার আশঙ্কা থাকলেও প্রথমে মাগরিবের কাজা আদায় করতে হবে। এরপর এশার নামাজ পড়তে হবে। তবে কাজা নামাজ আদায় করতে গেলে পরবর্তী ওয়াক্তের ফরজ নামাজের সময় শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে আগে ওই ওয়াক্তের ফরজ নামাজ আদায় করতে হবে।
এ বিষয়ে হাদিসেও নির্দেশনা পাওয়া যায়। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোনো ব্যক্তি একটি ওয়াক্তের নামাজ পড়তে ভুলে যাওয়ার পর পরবর্তী ওয়াক্তের নামাজে ইমামের পেছনে দাঁড়িয়ে নিজের আগের নামাজের কথা স্মরণ করলে সে প্রথমে ইমামের সঙ্গে নামাজ আদায় করবে। এরপর ভুলে যাওয়া নামাজটি কাজা করবে। সবশেষে ইমামের সঙ্গে যে নামাজ আদায় করেছে, সেটি আবার পড়ে নেবে।
ইমাম তহাবি (রহ.) এই হাদিসের ব্যাখ্যায় বলেন, ইমামের সঙ্গে প্রথমবার আদায় করা নামাজটি ওই ব্যক্তির জন্য নফল হিসেবে গণ্য হবে।
(তহাবি, হাদিস : ২৬৮৪)
