পানি উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদনের সুযোগ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে (বাপাউবো) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চারটি পদে মোট ৮৭৯ জন নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এর মধ্যে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস।
আগামী ৩ ডিসেম্বর ২০২৬ সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ২০২৭ সালের ৪ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত।
বুধবার (২৫ নভেম্বর) বাপাউবোর মানবসম্পদ উন্নয়ন পরিদপ্তর থেকে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার পাশাপাশি নির্ধারিত পরীক্ষার ফি জমা দিতে হবে।
পদ ও যোগ্যতার বিবরণ
১. সহকারী পরিচালক (প্রশাসন)
এ পদে ৩০ জন নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড ৯ অনুযায়ী বেতনস্কেল ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা। আবেদন করতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেলসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
২. ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট
এ পদে নিয়োগ দেওয়া হবে ৪৬৮ জনকে। বেতন গ্রেড ১৬ অনুযায়ী বেতনস্কেল ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা। আবেদনকারীদের স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া নির্মাণকাজে অন্তত এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৩. হিসাব করণিক
এ পদে ৯৭ জন নিয়োগের কথা বলা হয়েছে। বেতন গ্রেড ১৬ অনুযায়ী বেতনস্কেল ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা। প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস করতে হবে। এমএস ওয়ার্ড ও এক্সেলসহ কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতাও প্রয়োজন।
৪. অফিস সহায়ক
অফিস সহায়ক পদে ২৮৪ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন গ্রেড ২০ এবং বেতনস্কেল ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা। আবেদন করতে হলে স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স ও আবেদন ফি
আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। আবেদন ফি হিসেবে সহকারী পরিচালক (প্রশাসন) পদের জন্য ২০০ টাকা, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ও হিসাব করণিক পদের জন্য ১০০ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনলাইনে আবেদন করার সময়ই নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। জমা দেওয়া আবেদন ফি ফেরতযোগ্য নয়।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অনলাইন নিয়োগ পোর্টালে প্রবেশ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর নির্ধারিত আবেদন ফরম পূরণ করে অনলাইনে ফি জমা দিতে হবে। আবেদনপত্রের কোনো হার্ডকপি সরাসরি কিংবা ডাকযোগে গ্রহণ করা হবে না।
