৯৩ বছরেও জিম করেন অমিতাভের প্রশিক্ষক মধুকর
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৩:১৯ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
৯৩ বছর বয়সেও কঠিন ব্যায়াম করে দেখাচ্ছেন জিম ট্রেইনার মধুকর তালওয়ালকর। তার সারা মুখে অজস্র বলিরেখা ফুটে উঠেছে। অথচ বয়সের ভারে শরীর একটুও ন্যুব্জ হয়নি। এখনো তার পেশির জোর যথেষ্টই ঈর্ষণীয়। কার্ডিও বা স্ট্রেংথ ট্রেনিং করেন অবলীলায়। বুড়ো হাড়েও ভেলকি দেখাচ্ছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের একসময়ের প্রশিক্ষক মধুকর তালওয়ালকর। বয়স যে কেবল সংখ্যামাত্র, তা প্রমাণ করে দিয়েছেন তিনি।
১৯৩২ সাল। মুম্বাইয়ে প্রথম শারীরচর্চা কেন্দ্র তৈরি করেন মধুকরের বাবা রামকৃষ্ণ তালওয়ালকর। মধুকর পরে এটিকেই ব্যবসায়িক রূপ দেন। দেশে জিম চেন ও ফিটনেস সেন্টারের প্রতিষ্ঠাতা তাকে বলা চলে।
অভিনেতা দিলীপ কুমার, অমিতাভ বচ্চনের মতো বহু বলিউড তারকার ব্যক্তিগত প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন মধুকর। হাতে ধরে ব্যায়াম শিখিয়েছেন অনেক খ্যাতনামা তারকাকেও। এখন ৯৩ বছরে এসেও ক্ষান্ত হননি তিনি। যেখানে ষাটোর্ধ্ব বহু মানুষ অবসরে অলস জীবনযাপনই পছন্দ করেন, সেখানে মধুকর জিমে গিয়ে চিন-আপ, পুশ-আপ, স্কোয়াটের মতো ব্যায়াম অভ্যাস করে দেখাচ্ছেন।
সম্প্রতি নাতি করণ সাহনির সঙ্গে মধুকরের জিম করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। করণ নিজেও ফিটনেস ট্রেনার। অনেক তারকাকেই প্রশিক্ষণ দেন তিনি। করণ জানিয়েছেন, ভারতে যখন জিমের ধারণাই ছিল না, ঠিক তখন প্রথম ফিটনেস সেন্টার খুলে যন্ত্রপাতি নিয়ে কার্ডিও ও স্ট্রেংথ ট্রেনিং করা শিখিয়েছিলেন মধুকর। সেই সময়ে বলিউড তারকাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের শারীরচর্চার অনুশীলন করাতেন।
অমিতাভ বচ্চনের ব্যক্তিগত ফিটনেস প্রশিক্ষকও ছিলেন। কীভাবে পেশিবহুল চেহারা বানাতে হয়, তা শিখিয়েছেন মধকুর। এমনকি এখনো তিনি অনেককেই প্রশিক্ষণ দেন। ভিডিওতে দেখা গেছে, নিখুঁত ভঙ্গিমায় চিন-আপ, পুশ-আপ, স্কোয়াট করছেন বৃদ্ধ মধুকর। তিনি বলেন, এটি কেবল ছবি বা ভিডিও তোলার জন্য নয়। তার প্রতিদিনের রুটিন। নিয়মিত শারীরচর্চাতেই তিনি এ বয়সেও ফিট। শরীর ঝুঁকে যায়নি, বার্ধক্যজনিত অসুখবিসুখ কাবু করতে পারেনি তাকে। তার হাত-পা সচল এবং মানসিক দিক থেকেও অনেক বেশি তরতাজা। প্রবীণ বয়সে এসেও তাকে অন্যের ওপর নির্ভর করে চলতে হয় না।
মধুকর যে ব্যায়ামগুলো করছেন, তা ধারাবাহিকতা রেখে করতে হয়। ওই বয়সে সবার পক্ষে তা করা সম্ভব নয়। নিয়মিত শারীরচর্চায় না থাকলেও কার্ডিও বা স্ট্রেংথ ট্রেনিং করা বিপজ্জনক হতে পারে। বয়সকালে নতুন করে ব্যায়াম যারা শুরু করছেন, তাদের অবশ্যই ফিটনেস প্রশিক্ষকের তত্ত্বাবধানে থেকে অভ্যাস করতে হবে। ফ্রি-হ্যান্ড ও যোগাসন দিয়ে শুরু করাই ভালো। তারপর ধীরে ধীরে শরীরের অবস্থা ও পেশির জোর দেখে অন্যান্য ব্যায়াম বলে দেবেন প্রশিক্ষকরা।
