Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

গবেষণায় নতুন তথ্য

খাওয়ার সময় পানি পান করলে খাবার গ্রহণের পরিমাণ বাড়ে

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০২:০৪ পিএম

খাওয়ার সময় পানি পান করলে খাবার গ্রহণের পরিমাণ বাড়ে

প্রতীকী ছবি।

Advertisement

খাবার খাওয়ার সময় পানি পান করলে তা দ্রুত পেট ভরাতে সাহায্য করে এবং খাবার কম গ্রহণে ভূমিকা রাখে—এমন ধারণাই এতদিন ধরে চলে আসছিল। তবে এবার গবেষণায় সম্পূর্ণ ভিন্ন এক তথ্য সামনে নিয়ে এসেছেন গবেষকেরা। 

কর্নেল ইউনিভার্সিটি এবং পেন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষকের নতুন গবেষণা বলছে, খাবার খাওয়ার সময় পানি পান করলে মানুষ কম খাওয়ার বদলে বরং বেশি খেতে উৎসাহিত হতে পারে। 

বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘অ্যাপেটাইট’-এ প্রকাশিত এ গবেষণাটি ৮৬ জন প্রাপ্তবয়স্ক মানুষের ওপর পরিচালিত দুটি পরীক্ষার তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। 

গবেষণায় অংশগ্রহণকারীরা যখন তাদের পছন্দের খাবার (যেমন: বিফ চিলি বা চিকেন টিক্কা মাসালা) পানি সহযোগে গ্রহণ করছিলেন, তখন ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে তাদের খাওয়ার অভ্যাস এবং পানি পানের আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। 

গবেষকেরা অংশগ্রহণকারীদের পানি পানের প্রতিটি দিক বিশ্লেষণ করেছেন—যেমন তারা কতবার চুমুক দিচ্ছেন, প্রতিটি চুমুকের পরিমাণ কতটুকু, কত দ্রুত পান করছেন এবং প্রতি লোকমা খাবারের মাঝে কতবার পানি পান করছেন। 

ফলাফলে দেখা যায়, যেসব অংশগ্রহণকারী বেশি পানি পান করেছেন, তারা খাবারও বেশি খেয়েছেন। দেখা যায়, প্রতি ১০০ গ্রাম অতিরিক্ত পানি পানের জন্য অংশগ্রহণকারীরা গড়ে ৩৯ গ্রাম বেশি খাবার খেয়েছেন। 

একইভাবে, যারা প্রতিটি খাবারের লোকমার মাঝে ঘনঘন পানির চুমুক দিয়েছেন, তাদের খাবারের পরিমাণও বেশি ছিল। 

পানি পানে খাবার বেশি গ্রহণ করার কারণ কী?

গবেষকদের ধারণা, খাওয়ার মাঝে বারবার পানির চুমুক দেওয়া শরীরের স্বাভাবিক পূর্ণতার অনুভূতিকে বিলম্বিত করতে পারে।

সাধারণত একই খাবার একটানা খেতে থাকলে ধীরে ধীরে তার প্রতি আকর্ষণ বা স্বাদ নেওয়ার ইচ্ছা কমে আসে, যা মানুষকে খাওয়া থামাতে সাহায্য করে। তবে কর্নেল ইউনিভার্সিটির পুষ্টিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও এই গবেষণার প্রধান লেখক ডা. পেজ কানিংহাম জানান, খাবার চলাকালীন বারবার পানি পান করলে মুখের খাবারের স্বাদ পুনরায় সতেজ হয়ে ওঠে। ফলে খাবার দীর্ঘক্ষণ সুস্বাদু মনে হয় এবং মানুষ বেশি সময় ধরে খেতে পারে। 

সাধারণত মনে করা হয়, পানি পান করলে পাকস্থলী দ্রুত ভরে যায় এবং তা অতিরিক্ত খাবার গ্রহণ কমাতে সাহায্য করে। তবে গবেষকেরা উল্লেখ করেছেন যে, পানি পাকস্থলী থেকে খুব দ্রুত নিষ্কাশিত হয়ে যায়, যার ফলে এটি দীর্ঘস্থায়ী পেট ভরার অনুভূতি তৈরি করতে পারে না। 

উলটো, পানি খাবারকে আরও পিচ্ছিল করে তোলে, মুখ শুকিয়ে যাওয়া রোধ করে এবং দ্রুত গিলে খেতে সাহায্য করে—যা পরিশেষে মানুষের সার্বিক খাবার গ্রহণের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। 

তবে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন যে, গবেষণাটি তুলনামূলকভাবে একটি ছোট দলের ওপর এবং নির্দিষ্ট কয়েক ধরনের খাবারের মাধ্যমে পরিচালনা করা হয়েছিল। তাই সব ধরনের খাবার বা ভিন্ন পরিস্থিতিতে এই ফলাফল পুরোপুরি প্রযোজ্য নাও হতে পারে। 

সর্বজনীন সিদ্ধান্তে পৌঁছানোর আগে আরও বিস্তৃত জনসংখ্যা এবং বিভিন্ন বৈচিত্র্যময় খাবারের ওপর আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানান গবেষকেরা। 

সূত্র: সামা টিভি 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম