Logo
Logo
×
   

লাইফ স্টাইল

গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে যা খাবেন, যা খাবেন না

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১২:৫০ পিএম

গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে যা খাবেন, যা খাবেন না

ফাইল ছবি

গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ মা ও গর্ভের শিশুর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তবে সঠিক চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে অনেকটাই সহায়তা পাওয়া যায় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 

বিশেষজ্ঞের মতে, গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের পেছনে প্রি-এক্ল্যাম্পসিয়া, আগে থেকে থাকা উচ্চ রক্তচাপ, স্থূলতা, ডায়াবেটিস ও মানসিক চাপের মতো কারণ থাকতে পারে। আবার অনেক ক্ষেত্রে নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই এ সমস্যা দেখা দেয়।

চিকিৎসকরা জানান, নিয়মিত রক্তচাপ পরিমাপের পাশাপাশি কিছু লক্ষণ থেকেও উচ্চ রক্তচাপের ইঙ্গিত পাওয়া যেতে পারে। এর মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী মাথাব্যথা, মুখ ও হাত ফুলে যাওয়া, ঝাপসা দেখা, বমিভাব এবং হঠাৎ ওজন বেড়ে যাওয়া। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

তারা সতর্ক করে বলেন, গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে সময়ের আগেই সন্তান জন্ম, কম ওজনের শিশু, মায়ের অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি এবং মা ও শিশুর জীবনহানির ঝুঁকিও বাড়তে পারে। তাই নিয়মিত প্রসূতি পরীক্ষা, রক্তচাপ পর্যবেক্ষণ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ অত্যন্ত জরুরি।

চিকিৎসার পাশাপাশি সুষম খাদ্যাভ্যাসও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, কলা, কমলা ও তরমুজের মতো পটাশিয়ামসমৃদ্ধ ফল শরীরে সোডিয়ামের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

এ ছাড়া পালং শাক ও মেথির মতো সবুজ শাকসবজিতে থাকা ম্যাগনেসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তনালি শিথিল রাখতে সহায়তা করে। ওটস ও ব্রাউন রাইসের মতো পূর্ণ শস্য, দুধ ও দইয়ের মতো ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার, কাঠবাদাম ও তিসি বীজ, ডাল, ডিম, মিষ্টি আলু, বিট ও সবুজ শাকসবজিও খাদ্যতালিকায় রাখার পরামর্শ দিয়েছেন তারা। এসব খাবারে থাকা পুষ্টি উপাদান হৃদ্স্বাস্থ্য, রক্ত সঞ্চালন এবং মা ও গর্ভের শিশুর স্বাভাবিক বৃদ্ধিতে সহায়ক।

অন্যদিকে অতিরিক্ত লবণযুক্ত ও প্রক্রিয়াজাত খাবার, বিশেষ করে প্যাকেটজাত স্ন্যাকস, আচার, ফাস্ট ফুড ও জাঙ্ক ফুড এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। খাদ্যাভ্যাসের পাশাপাশি নিয়মিত হালকা ব্যায়াম, পর্যাপ্ত বিশ্রাম এবং ধ্যান বা জার্নাল লেখার মতো উপায়ে মানসিক চাপ নিয়ন্ত্রণে থাকে। 

তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, শুধু খাদ্যাভ্যাস দিয়ে গর্ভাবস্থার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এটি একটি চিকিৎসাজনিত সমস্যা। তাই কোনো উপসর্গ দেখা দিলে বা রক্তচাপ বেশি থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .