Logo
Logo
×
   

লাইফ স্টাইল

চুলের সমস্যায় হেয়ারকাট নাকি স্পা, কখন কোনটি করবেন?

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১২:১১ পিএম

চুলের সমস্যায় হেয়ারকাট নাকি স্পা, কখন কোনটি করবেন?

ফাইল ছবি

চুলের যত্ন নিতে গিয়ে অনেকেই ফ্যাশনেবল বা জনপ্রিয় সেলুন ট্রিটমেন্ট বেছে নেন। কিন্তু চুলের প্রকৃত যত্নের জন্য ট্রেন্ড অনুসরণ করার চেয়ে নিজের চুল ও মাথার ত্বকের প্রয়োজন বোঝা বেশি গুরুত্বপূর্ণ। চুলের ডগা ফেটে যাওয়া, শুষ্কতা, রুক্ষতা, খুশকি কিংবা অতিরিক্ত তেলতেলে ভাব—প্রতিটি সমস্যার জন্য প্রয়োজন আলাদা ধরনের পরিচর্যা।

চুল বিশেষজ্ঞদের মতে, সেলুনে কোনো ট্রিটমেন্ট নেওয়ার আগে সমস্যাটি চুলের দৈর্ঘ্য ও ডগায়, নাকি মাথার ত্বকে—তা চিহ্নিত করা জরুরি।

কখন হেয়ারকাট করবেন?

চুলের গঠনগত সমস্যা দেখা দিলে হেয়ারকাট বা চুল ছাঁটা প্রয়োজন। চুলের ডগা ফেটে যাওয়া, চুল ভেঙে যাওয়া কিংবা ডগা অতিরিক্ত ফ্রিজি হয়ে গেলে শুধু বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে তা পুরোপুরি ঠিক করা সম্ভব নয়। 

চুল বিশেষজ্ঞরা বলেন, প্রতি ৬ থেকে ৮ সপ্তাহ পরপর চুলের ডগা ছাঁটলে স্প্লিট এন্ডস বা ফাটা ডগা দূর করা যায়। এতে চুল তুলনামূলক স্বাস্থ্যকর ও সহজে গোছানো যায়। এ ছাড়া কেউ যদি চুলের স্টাইল পরিবর্তন করতে চান, সেক্ষেত্রেও হেয়ারকাট সবচেয়ে উপযোগী পদ্ধতি।

কখন হেয়ার স্পা করবেন?

চুল যদি শুষ্ক, নিষ্প্রভ ও রুক্ষ দেখায় এবং সহজেই জট বেঁধে যায় বা ফ্রিজি হয়ে পড়ে, তাহলে হেয়ার স্পা উপকারী হতে পারে। তাদের মতে, হেয়ার স্পার মূল লক্ষ্য হলো চুলের হারানো আর্দ্রতা ফিরিয়ে আনা।

এই ট্রিটমেন্ট মূলত চুলের দৈর্ঘ্যের ওপর কাজ করে এবং এতে গভীরভাবে কন্ডিশনিং করা হয়। চুলের অবস্থা অনুযায়ী সাধারণত প্রতি তিন থেকে চার সপ্তাহ পরপর হেয়ার স্পা করা যেতে পারে।

কখন স্ক্যাল্প ট্রিটমেন্ট প্রয়োজন?

স্ক্যাল্প ট্রিটমেন্টের উদ্দেশ্য হেয়ার স্পা বা হেয়ারকাটের চেয়ে আলাদা। মাথার ত্বকে খুশকি, অতিরিক্ত খসখসে ভাব, ত্বকের স্তর জমে যাওয়া, অতিরিক্ত তেল এবং জ্বালাপোড়ার মতো সমস্যা থাকলে স্ক্যাল্প ট্রিটমেন্ট প্রয়োজন হতে পারে।

মাথার ত্বক পরিষ্কার ও ভারসাম্যপূর্ণ রাখলে চুল গজানোর জন্য তুলনামূলক ভালো পরিবেশ তৈরি হয়। সমস্যার ধরন ও তীব্রতার ওপর ভিত্তি করে এই ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা ভিন্ন হতে পারে। কোনো নির্দিষ্ট সমস্যা দেখা দিলে বিশেষায়িত ট্রিটমেন্ট নেওয়া যেতে পারে। আবার নিয়ন্ত্রণে থাকা অবস্থায় মাসে একবার রক্ষণাবেক্ষণমূলক পরিচর্যাও যথেষ্ট হতে পারে।

কোনটি বেছে নেবেন?

সঠিক ট্রিটমেন্ট বেছে নেওয়ার সবচেয়ে সহজ উপায় হলো সমস্যার উৎস চিহ্নিত করা। চুলের ডগা ক্ষতিগ্রস্ত হলে হেয়ারকাট, চুল শুষ্ক ও নিষ্প্রভ হলে হেয়ার স্পা এবং মাথার ত্বকে সমস্যা থাকলে স্ক্যাল্প ট্রিটমেন্ট বেছে নেওয়া যেতে পারে।

কখনো একাধিক ট্রিটমেন্ট একসঙ্গেও প্রয়োজন হতে পারে। যেমন, কারও মাথার ত্বকে অতিরিক্ত স্তর জমে যাওয়ার পাশাপাশি চুলের দৈর্ঘ্য ক্ষতিগ্রস্ত হলে প্রথমে স্ক্যাল্প ট্রিটমেন্ট এবং পরে গভীর কন্ডিশনিং করা যেতে পারে।

অর্থাৎ, সুন্দর ও স্বাস্থ্যকর চুলের জন্য শুধু সেলুনে নিয়মিত যাওয়া যথেষ্ট নয়। বরং চুলের নির্দিষ্ট সমস্যার জন্য সঠিক ট্রিটমেন্ট বেছে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চুলে ঠিক কী সমস্যা হচ্ছে, সেটি বুঝতে পারলেই প্রয়োজন অনুযায়ী হেয়ারকাট, হেয়ার স্পা বা স্ক্যাল্প ট্রিটমেন্টের সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম