Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

গবেষণা

টাইপ ২ ডায়াবেটিস নারীদের মানসিক ও পুরুষদের হৃদরোগের ঝুঁকি বাড়ায়

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৩:৩৭ পিএম

টাইপ ২ ডায়াবেটিস নারীদের মানসিক ও পুরুষদের হৃদরোগের ঝুঁকি বাড়ায়

Advertisement

টাইপ ২ ডায়াবেটিস শনাক্ত হওয়ার পর নারীদের মানসিক স্বাস্থ্য সমস্যা এবং পুরুষদের হৃদরোগ ও কিডনিজনিত জটিলতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে বলে এক গবেষণায় উঠে এসেছে। 

যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটির গবেষকদের যৌথ পরিচালনায় পরিচালিত এই গবেষণাটি চিকিৎসা বিষয়ক সাময়িকী ‘প্লস মেডিসিন’-এ প্রকাশিত হয়েছে। 

গবেষকরা জানান, পুরুষ ও নারীদের ক্ষেত্রে হৃদরোগ, কিডনির রোগ ও মানসিক স্বাস্থ্য সমস্যার প্রভাবে ভিন্নতা থাকলেও ডায়াবেটিস শনাক্তের পর বয়স ও লিঙ্গভেদে রোগের গতিপ্রকৃতি কেমন হয়, তা নিয়ে স্পষ্ট ধারণার অভাব ছিল। এই বিষয়টি খতিয়ে দেখতে গবেষণায় ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে যুক্তরাজ্যে টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত প্রায় ২৮,৭২০ জন নারী-পুরুষের স্বাস্থ্য রেকর্ড বিশ্লেষণ করা হয়। 

গবেষণার তথ্য অনুযায়ী, ডায়াবেটিস শনাক্তের পরবর্তী বছরগুলোতে প্রায় ৩৯ শতাংশ রোগী অন্তত একটি বড় ধরনের স্বাস্থ্য জটিলতার মুখোমুখি হয়েছেন। তবে এই জটিলতার ধরন ও সময়কাল পুরুষ ও নারীদের ক্ষেত্রে ভিন্ন ছিল। 

ডায়াবেটিস শনাক্তের পর নারীদের মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হওয়ার হার ছিল ৮.১ শতাংশ, যেখানে পুরুষদের ক্ষেত্রে এই হার ৫.৩ শতাংশ। অন্যদিকে, পুরুষদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার হার ছিল ৮.৪ শতাংশ, যা নারীদের ক্ষেত্রে ছিল ৫.৩ শতাংশ। 

পুরুষদের মধ্যে শেষ ধাপের কিডনি রোগ ও উচ্চ রক্তচাপের প্রবণতাও বেশি দেখা গেছে এবং অধিকাংশ জটিলতা নারীদের চেয়ে পুরুষদের শরীরে দ্রুত প্রকাশ পেয়েছে। তবে বয়স ও লিঙ্গ নির্বিশেষে উচ্চ রক্তচাপই ছিল ডায়াবেটিস-পরবর্তী সবচেয়ে সাধারণ স্বাস্থ্য সমস্যা। 

গবেষণায় আরও দেখা যায়, নারীরা গড়ে পুরুষদের তুলনায় বেশি স্বাস্থ্যসেবা গ্রহণ করেন এবং দীর্ঘমেয়াদী ওষুধ ব্যবহার করেন, যা তাদের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সমস্যা বেশি শনাক্ত হওয়ার পেছনে ভূমিকা রাখতে পারে। এ ছাড়া নারী-পুরুষ উভয় ক্ষেত্রেই ডায়াবেটিসের পাশাপাশি মানসিক জটিলতা দেখা দিলে অকাল মৃত্যুর ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এই পরিস্থিতির ওপর ভিত্তি করে গবেষকরা বয়স ও লিঙ্গভেদে আলাদা স্বাস্থ্যসেবা কৌশলের তাগিদ দিয়েছেন। বিশেষ করে কম বয়সি নারীদের মধ্যে দ্রুত মানসিক সমস্যা দেখা দেওয়ায় ডায়াবেটিস চিকিৎসার নিয়মিত অংশ হিসেবে মানসিক পরীক্ষার অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়েছে। 

পাশাপাশি, পুরুষদের ক্ষেত্রে হৃদরোগ ও কিডনির ঝুঁকি দ্রুত তৈরি হওয়ায় শুরু থেকেই নিবিড় পর্যবেক্ষণ ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তারা। 

সূত্র: এনডিটিভি লাইফলাইন 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম