উৎসবে অস্বাস্থ্যকর খাবার অতিরিক্ত খাচ্ছেন? বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ এএম
|
ফলো করুন |
|
|---|---|
উৎসব বা বিশেষ আয়োজনে ভাজাপোড়া, চর্বিযুক্ত খাবার ও মিষ্টি খাওয়ার প্রবণতা থাকে। তবে একবারে অতিরিক্ত খাবার খেলে হৃদযন্ত্রের ওপর বাড়তি চাপ পড়তে পারে। বিশেষ করে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
এক প্রতিবেদনে বলা হয়েছে, বেশি খাবার হজম করতে শরীরের পরিপাকতন্ত্রে রক্তপ্রবাহ বাড়ে। এতে হৃদযন্ত্রের কাজের চাপও বাড়তে পারে। সুস্থ মানুষের শরীর সাধারণত এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারলেও যাদের হৃদযন্ত্রের ধমনিতে সংকোচন রয়েছে, তাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি হতে পারে।
তবে একবার অতিরিক্ত খাওয়াই যে হার্ট অ্যাটাকের কারণ হবে, এমন নয়। সাধারণত হৃদযন্ত্রের পেশিতে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হলে হার্ট অ্যাটাক হয়। করোনারি ধমনিতে রোগের কারণে রক্ত জমাট বেঁধে এ ধরনের বাধা তৈরি হতে পারে। ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে ভারী খাবার অতিরিক্ত চাপের কারণ হতে পারে।
অতিরিক্ত লবণ ও চর্বির প্রভাব
নিয়মিত অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট, লবণ ও পরিশোধিত শর্করাযুক্ত খাবার খাওয়া হৃদস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। বেশি লবণ শরীরে পানি জমার প্রবণতা বাড়াতে পারে এবং রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। উচ্চ রক্তচাপ ও হৃদযন্ত্রের অকার্যকারিতায় ভোগা ব্যক্তিদের জন্য বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
বদহজম ভেবে হার্ট অ্যাটাকের লক্ষণ এড়িয়ে যাবেন না
ভারী খাবারের পর বুকজ্বালা, পেট ফাঁপা, বমি বমি ভাব কিংবা পেট ভরা অনুভূতি হতে পারে। কিন্তু হার্ট অ্যাটাকের কিছু লক্ষণও বদহজমের মতো মনে হতে পারে। তাই বুক বা পেটের ওপরের অংশে অস্বস্তি হলে সেটিকে শুধু গ্যাসের সমস্যা ভেবে উপেক্ষা করা বিপজ্জনক।
হৃদস্বাস্থ্য ভালো রাখতে পছন্দের খাবার পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই; বরং পরিমাণ ও খাওয়ার অভ্যাসে সংযম রাখা গুরুত্বপূর্ণ। একবারে বেশি না খেয়ে অল্প পরিমাণে খাওয়া, ধীরে খাওয়া এবং অতিরিক্ত চর্বি ও লবণযুক্ত খাবার সীমিত রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
যাদের আগে থেকেই হৃদরোগ রয়েছে, তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন চালিয়ে যেতে হবে। লবণ, পানি ও খাবার গ্রহণের ক্ষেত্রেও চিকিৎসকের নির্দেশনা মেনে চলা জরুরি।
সূত্র: সামা টিভি

-6ada3bf7e96b0.jpg)
