মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়াতে মেনে চলতে পারেন যেসব কৌশল
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের স্মৃতিশক্তি ও মনোযোগ ধরে রাখার ক্ষমতায় পরিবর্তন আসতে পারে। আগে যেসব কাজ সহজেই করা যেত, বয়সের সঙ্গে সেগুলোতে মনোযোগ দেওয়া কিংবা নতুন কোনো তথ্য মনে রাখা কঠিন হয়ে পড়ে।
চিকিৎসাবিজ্ঞানের তথ্য অনুযায়ী, বয়স বৃদ্ধির স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই চিন্তাভাবনা ও স্মৃতিশক্তিতে কিছুটা পরিবর্তন আসে। গবেষণায় দেখা গেছে, অনেকের ক্ষেত্রে ৪৫ বছর বয়সের পর থেকেই স্মৃতিশক্তির সক্ষমতা কমতে শুরু করতে পারে। তবে জীবনযাপনে কিছু সাধারণ পরিবর্তন এবং নিয়মিত অভ্যাসের মাধ্যমে মনোযোগ ও স্মৃতিশক্তি ভালো রাখা সম্ভব।
যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান হার্ভার্ড হেলথ পাবলিশিংয়ের এক প্রতিবেদনে মনোযোগ ধরে রাখা এবং স্মৃতিশক্তি উন্নত করার চারটি কার্যকর কৌশলের কথা তুলে ধরা হয়েছে।
কথা শোনার সময় বক্তার দিকে মনোযোগ দিন
কেউ কথা বলার সময় তার দিকে সরাসরি তাকিয়ে মনোযোগ দিয়ে শোনার অভ্যাস গড়ে তুলুন। এতে কথার বিষয়বস্তু ভালোভাবে বুঝতে এবং মনে রাখতে সুবিধা হয়। কোনো কথা বুঝতে সমস্যা হলে বা মাঝপথে মনোযোগ হারিয়ে ফেললে বক্তাকে সেটি আবার বলতে অনুরোধ করুন। প্রয়োজনে ধীরে ধীরে কথা বলার অনুরোধও করতে পারেন।
শোনা কথাগুলো নিজের ভাষায় বলুন
কোনো তথ্য শোনার পর সেটি নিজের ভাষায় আবার বলার চেষ্টা করুন। এতে কথাটি ঠিকভাবে বুঝেছেন কি না, তা যাচাই করা যায়। পাশাপাশি তথ্যটি মস্তিষ্কে আরও ভালোভাবে সংরক্ষিত হয়। নতুন কোনো বিষয় শেখার ক্ষেত্রেও এই অভ্যাস বেশ কার্যকর।
কথা বলার জন্য নিরিবিলি পরিবেশ বেছে নিন
আলোচনা বা আড্ডার সময় আশপাশের শব্দ ও মানুষের চলাচলে মনোযোগ নষ্ট হতে পারে। তাই কারও সঙ্গে গুরুত্বপূর্ণ কথা বলার ক্ষেত্রে কোলাহলপূর্ণ জায়গার পরিবর্তে শান্ত পরিবেশ বেছে নেওয়া ভালো।
রেস্তোরাঁয় বসে কথা বলতে হলে দেয়ালের পাশের কোনো টেবিল বেছে নিতে পারেন। সঙ্গীকে দেয়ালের দিকে পিঠ দিয়ে বসতে বলুন এবং নিজে তার মুখোমুখি বসুন। এতে আশপাশের মানুষের চলাচল ও অন্যান্য দৃশ্যের কারণে মনোযোগ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কমবে। ফলে সঙ্গীর কথায় মনোযোগ দেওয়া সহজ হবে।
একসঙ্গে একাধিক কাজ করা থেকে বিরত থাকুন
একই সময়ে অনেক কাজ করার চেষ্টা করলে মনোযোগ ভাগ হয়ে যায়। এতে কোনো কাজই ঠিকভাবে সম্পন্ন করা কঠিন হতে পারে। তাই একবারে একটি কাজ করার অভ্যাস গড়ে তুলুন।
কোনো গুরুত্বপূর্ণ কাজ বা লেখা পড়ার সময় অপ্রয়োজনীয় বাধা এড়িয়ে চলুন। কেউ কথা বলতে এলে কাজ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে অনুরোধ করতে পারেন। একইভাবে জরুরি কাজের মাঝখানে ফোনকল এলে পরে কথা বলার অভ্যাস করুন।
স্মৃতিশক্তি ও মনোযোগ ভালো রাখতে বড় কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। বরং কথা শোনা, তথ্য মনে রাখার অনুশীলন, নিরিবিলি পরিবেশ এবং একসঙ্গে একটি কাজে মনোযোগ দেওয়ার মতো ছোট ছোট অভ্যাসই দৈনন্দিন জীবনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

