Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

ঘরের যেসব জিনিস টিস্যু দিয়ে মোছা থেকে বিরত থাকবেন

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পিএম

ঘরের যেসব জিনিস টিস্যু দিয়ে মোছা থেকে বিরত থাকবেন

ছবি: সংগৃহীত

Advertisement

ঘরের নানা জিনিস পরিষ্কার করতে অনেকেই পেপার টাওয়েল বা কিচেন টিস্যুর ওপর নির্ভর করেন। রান্নার তেল-মসলা মোছা থেকে শুরু করে আসবাবের ধুলাবালি কিংবা বিভিন্ন পৃষ্ঠের ময়লা দূর করতে এর ব্যবহার বেশ প্রচলিত। তবে পরিষ্কারের কাজে টিস্যু সব সময় উপযুক্ত নয়।

বিশেষজ্ঞদের মতে, কিছু সংবেদনশীল জিনিসে টিস্যু ব্যবহার করলে সূক্ষ্ম আঁচড় পড়তে পারে। এমনকি নষ্ট হতে পারে জিনিসের স্বাভাবিক উজ্জ্বলতাও। কোনো কোনো ক্ষেত্রে পরিষ্কারের পর পৃষ্ঠে লেগে থাকতে পারে কাগজের ক্ষুদ্র কণা।

জীবনধারা ও গৃহস্থালি বিষয়ক ওয়েবসাইট ‘রিয়েল সিম্পল’-এর এক প্রতিবেদনে এমন পাঁচ ধরনের জিনিসের কথা তুলে ধরা হয়েছে, যেগুলো পরিষ্কারের ক্ষেত্রে টিস্যু ব্যবহার না করাই ভালো।

১. কাচ ও আয়না

জানালার কাচ কিংবা আয়না পরিষ্কারের জন্য অনেকেই টিস্যু ব্যবহার করেন। কিন্তু এতে কাঙ্ক্ষিত উজ্জ্বলতা পাওয়ার বদলে কাচে দাগ ও কাগজের ক্ষুদ্র আঁশ লেগে থাকতে পারে। কারণ, অধিকাংশ টিস্যু ও পেপার টাওয়েল কাঠের মণ্ড থেকে তৈরি। মোছার সময় এগুলোর তন্তু ভেঙে কাচের গায়ে আটকে যায়। তাই কাচ ও আয়না পরিষ্কারের জন্য মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করা ভালো। এতে আঁশ বা কাগজের কণা না রেখেই ধুলাবালি ও দাগ দূর করা সম্ভব।

২. স্মার্টফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক স্ক্রিন

স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটার কিংবা ল্যাপটপের পর্দায় আঙুলের ছাপ ও ধুলাবালি জমা স্বাভাবিক। এসব পরিষ্কার করতে টিস্যু ব্যবহার করলেও বিপদ হতে পারে। কারণ, ইলেকট্রনিক ডিভাইসের স্ক্রিনে থাকা বিশেষ সুরক্ষামূলক আবরণ টিস্যুর রুক্ষ তন্তুর ঘর্ষণে ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে পর্দায় সূক্ষ্ম আঁচড় পড়ার আশঙ্কা থাকে। এ ধরনের স্ক্রিন পরিষ্কারের জন্য নরম মাইক্রোফাইবার কাপড় অথবা ডিভাইসের উপযোগী স্ক্রিন ক্লিনিং ওয়াইপস ব্যবহার করা উচিত।

৩. কাঠের আসবাবপত্র

ঘরের কাঠের খাট, আলমারি, বইয়ের তাক কিংবা ডাইনিং টেবিল পরিষ্কারেও টিস্যু ব্যবহার করা ঠিক নয়। বিশেষ করে বার্নিশ করা কাঠের আসবাবে টিস্যুর রুক্ষ তন্তু ঘষা লাগলে সুরক্ষামূলক আবরণে সূক্ষ্ম আঁচড় তৈরি হতে পারে। দীর্ঘদিন এমনভাবে পরিষ্কার করলে আসবাবের উজ্জ্বলতাও কমে যেতে পারে। এছাড়া কাঠের খাঁজে টিস্যুর ছোট ছোট অংশ আটকে থাকার আশঙ্কা থাকে। এসব আসবাবের ধুলা পরিষ্কারে শুকনো সুতি বা মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করুন। দাগ থাকলে সামান্য ভেজা নরম কাপড় দিয়ে মুছে পরে শুকনো কাপড় দিয়ে পানি মুছে ফেলুন।

৪. স্টেইনলেস স্টিলের যন্ত্রপাতি

ফ্রিজ, ডিশওয়াশারসহ স্টেইনলেস স্টিলের বিভিন্ন যন্ত্রপাতি পরিষ্কারের সময়ও টিস্যু এড়িয়ে চলা ভালো। এসব যন্ত্রের পৃষ্ঠে বিশেষ ধরনের ফিনিশ বা আবরণ থাকে। টিস্যু দিয়ে ঘষে পরিষ্কার করলে তাতে সূক্ষ্ম আঁচড় পড়তে পারে। পাশাপাশি টিস্যুর কাগজের গুঁড়া পৃষ্ঠে লেগে থাকতে পারে। তাই স্টেইনলেস স্টিলের জিনিস পরিষ্কারে নরম মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করাই ভালো।

৫. ঢালাই লোহার কড়াই ও প্যান

রান্নার কাজে ব্যবহৃত কাস্ট আয়রন বা ঢালাই লোহার কড়াই ও প্যান পরিষ্কারের ক্ষেত্রেও টিস্যু উপযুক্ত নয়। এসব পাত্রের পৃষ্ঠ সাধারণত কিছুটা অমসৃণ ও খসখসে হয়। ফলে টিস্যু দিয়ে মোছার সময় কাগজের ক্ষুদ্র কণা পাত্রের গায়ে আটকে যেতে পারে। পরবর্তী সময়ে রান্নার সময় সেগুলো খাবারের সঙ্গে মিশে যাওয়ার আশঙ্কা থাকে। এছাড়া পাত্রে লেগে থাকা পোড়া খাবার বা শক্ত ময়লা তুলতেও টিস্যু খুব একটা কার্যকর নয়। তাই কাস্ট আয়রনের পাত্র পরিষ্কারে উপযুক্ত ব্রাশ বা নরম কাপড় ব্যবহার করা ভালো।

ঘরের সব ধরনের জিনিস পরিষ্কারে টিস্যুর ওপর নির্ভর না করে পৃষ্ঠের ধরন অনুযায়ী উপযুক্ত পরিষ্কারক ও কাপড় বেছে নেওয়া জরুরি। এতে জিনিসপত্রের স্থায়িত্ব ও স্বাভাবিক সৌন্দর্য দুটোই বজায় থাকবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

প্রতিদিন এক বাটি ওটস আপনার শরীরে যেসব পরিবর্তন আনতে পারে

প্রতিদিন এক বাটি ওটস আপনার শরীরে যেসব পরিবর্তন আনতে পারে

ঘরের যেসব জিনিস টিস্যু দিয়ে মোছা থেকে বিরত থাকবেন

ঘরের যেসব জিনিস টিস্যু দিয়ে মোছা থেকে বিরত থাকবেন

ধূমপান না করেও ফুসফুসের ক্ষতি হতে পারে যেসব কারণে

ধূমপান না করেও ফুসফুসের ক্ষতি হতে পারে যেসব কারণে

মুখে চাকা চাকা সাদা দাগের কারণ কোন রোগের ইঙ্গিত

মুখে চাকা চাকা সাদা দাগের কারণ কোন রোগের ইঙ্গিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম