বাদল দিনের কিছু রান্না
রেসিপি দিয়েছেন কানিজ ফাতেমা রিপা, ছবি তুলেছেন মনির আহমেদ
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২১, ০৪:০৪ এএম
|
ফলো করুন |
|
|---|---|
বেগুন ভাজা
যা লাগবে: গোল বেগুন ১টি, পেঁয়াজ কুচি ১ কাপ, হলুদ-মরিচ গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ ফালি ৩-৪টি, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, টকদই ১ টেবিল চামচ, লেবুর রস ১ চা চামচ, গরম মসলা গুঁড়া সামান্য, সরিষার তেল ভাজার জন্য, লবণ স্বাদমতো।
যেভাবে করবেন : বেগুন ভালো করে ধুয়ে গোল গোল চাক করে কেটে নিন। চাক করা বেগুনে সব মসলা টকদই, লেবুর রস ও লবণ মেখে ১০ মিনিট মেরিনেট করে রাখুন। ফ্রাইপ্যানে তেল গরম করে তাতে ২-৩টি করে বেগুনের চাক দিয়ে মাঝারি আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিন। ২-৩ মিনিট পর এপিঠ-ওপিঠ বাদামি করে ভেজে তুলে রাখুন। ওই তেলে পেঁয়াজ, কাঁচামরিচ বাদামি করে ভেজে নামিয়ে ভাজা বেগুনগুলো পরিবেশন পাত্রে রেখে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে সুন্দর করে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।
গরুর ভুনা মাংস
যা লাগবে: গরুর মাংস ১ কেজি, পেঁয়াজ কুচি দেড় কাপ, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, কাঁচামরিচ ফালি ৫-৬টি, আদা রসুন বাটা দেড় টেবিল চামচ, গরম মসলা গুঁড়া দেড় চা চামচ, জায়ফল-জয়ত্রী বাটা সামান্য, দারুচিনি এলাচ ৩-৪টি, তেজপাতা ২টি, টকদই ১ কাপ, তেল প্রয়োজন মতো, লবণ স্বাদমতো।
যেভাবে করবেন: মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি পাত্রে মাংস, টকদই, বাটা ও গুঁড়া মসলা ভালো করে মেখে ৩০ মিনিট মেরিনেট করে রাখুন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, দারুচিনি এলাচ, তেজপাতা হালকা ভেজে মেরিনেট করা মাংসগুলো দিয়ে কিছুক্ষণ কষান। কষানো হলে সামান্য পানি দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে এলে জায়ফল-জয়ত্রী বাটা ও কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে ভুনা ভুনা করুন। গরম গরম পরিবেশন করুন।
ইলিশ মাছের দোপেঁয়াজা
যা লাগবে: ইলিশ মাছ ৬-৭ টুকরা, পেঁয়াজ কুচি ১ কাপ, হলুদ-মরিচ গুঁড়া ১ চা চামচ, ধনিয়া গুঁড়া ১-২ চা চাম, জিরা গুঁড়া ১ চা চামচ, আদা রসুন বাটা ২ চা চামচ, কাঁচামরিচ ৬-৭টি, সরিষার তেল দেড় কাপ, লবণ স্বাদমতো।
যেভাবে করবেন: কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে একে একে হলুদ মরিচ আদা রসুন বাটা, ধনিয়া জিরা গুঁড়া, লবণ ও সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিন। কষানো হলে মাছের টুকরাগুলো দিন এবং সামান্য কিছু পানি দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করুন। এতে কাঁচামরিচ দিন। তেল মসলার ওপর উঠে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
ভুনা খিচুড়ি
যা লাগবে: পোলাওয়ের চাল ১ কেজি, মুগ ডাল ১ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া দেড় টেবিল চামচ, আদা রসুন বাটা ২ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া হাফ টেবিল চামচ, দারুচিনি এলাচ ২-৩টি, তেজপাতা ২টি, লবঙ্গ ২-৩টি, কাঁচামরিচ ৭-৮টি, তেল ১ কাপ, ঘি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।
যেভাবে করবেন: মুগডাল ভেজে ভালো করে ধুয়ে সামান্য হলুদ মরিচ গুঁড়া ও লবণ দিয়ে সেদ্ধ করে নিন। চাল ধুয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। হাঁড়িতে তেল করে আস্ত সব গরম মসলা, পেঁয়াজ হালকা বাদামি করে বাটা, গুঁড়া মসলা ও সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে চালের দেড় গুণ পানি দিয়ে নেড়ে ঢেকে দিন। পানি ফুটে উঠলে চাল ও ডাল দিয়ে ভালো করে নেড়ে রান্না করুন। পানি শুকিয়ে থকথকে হয়ে এলে কাঁচামরিচ দিয়ে ৫-১০ মিনিট দমে রেখে ওপর নিচ করে নেড়ে আবার ২-৩ মিনিট দমে রেখে ঢাকনা খুলে ওপরে ঘি ছিটিয়ে নামিয়ে পরিবেশন করুন।
