‘প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের প্রকৃত স্বাধীনতা দিয়েছেন’
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১০:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের প্রকৃত স্বাধীনতা দিয়েছেন।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা সৎভাবে ও নির্ভীকভাবে সত্য সংবাদ তুলে ধরুন।
ঢাকার বিচারিক আদালতে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) উদ্যোগে বুধবার আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম বলেন, যখন স্বৈরাচারী সরকার সবার গলা চেপে ধরেছিল, তখন অনেক কিছুই প্রকাশ পেত না। সেই সময় সাংবাদিকরা সত্য তুলে ধরার চেষ্টা করেছেন। কোর্টে আমরা আইনজীবীরা অনেক সময় প্রতিবাদ করার সাহস পেয়েছি, কারণ জানতাম সাংবাদিকরা বিষয়টি গণমাধ্যমে তুলে ধরবেন। এজন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ।
সিআরইউ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, দুর্দিনে কোর্ট রিপোর্টার্স ইউনিটির সদস্যরা সৎ ও সাহসী সাংবাদিকতা করেছেন। ভবিষ্যতেও তারা একইভাবে দায়িত্ব পালন করবেন বলে আশা করি। আপনাদের পাশে আমরা থাকব, আমাদের দল বিএনপিও থাকবে।
বিএনপির কেন্দ্রীয় সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে অন্যায়ের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা রাখা সম্ভব। ফ্যাসিস্ট আমল থেকেই কোর্ট রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা সত্য প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আমরা চাই, আপনারা এভাবেই ঐক্যবদ্ধ থেকে সৎ ও সাহসী সাংবাদিকতা চালিয়ে যান। জাতীয়তাবাদী দল বিএনপির আইনজীবীরা সবসময় আপনাদের পাশে থাকবে।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, আদালতে প্রতিদিন যেসব চাঞ্চল্যকর মামলার শুনানি হয়, তা জাতির সামনে তুলে ধরেন কোর্ট রিপোর্টার্স ইউনিটির সদস্যরা। ঢাকার বিচারিক আদালতে ন্যায়বিচার হচ্ছে কিনা— তা দেশবাসী গণমাধ্যমের মাধ্যমেই জানতে পারে। আসামিদের প্রতি আচরণ, বিচারকদের ভূমিকা এবং সব পক্ষের আইনজীবীরা সুষ্ঠুভাবে বক্তব্য রাখার সুযোগ পাচ্ছেন কিনা—এসব বিষয় সাংবাদিকরাই তুলে ধরেন। তাই আদালতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের বিপদ-আপদেও সরকার পাশে থাকবে—এটাই আমাদের প্রত্যাশা।
কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন মাহমুদের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক জহিরুল হাসান মুকুল, সিআরইউর প্রতিষ্ঠাতা সভাপতি হাসিব বিন শহিদ, বর্তমান সাধারণ সম্পাদক মামুন খান, সহ-সভাপতি এমরুল হাসান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ নাইমুর রহমান নাবিল, দপ্তর সম্পাদক মহিউদ্দিন খান রিফাত, প্রচার সম্পাদক রকি আহমেদসহ অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি, অ্যাডভোকেট শাহিনুর রহমান, আকিদুল ইসলাম সুমন, সবুজ খান, তরিকুল ইসলাম, ওবায়দুল ইসলাম, জাকির হোসেনসহ আরও সাংবাদিক ও আইনজীবী নেতারা।
