সংসদ সচিবালয়ে ১৬ পদে দ্রুত নিয়োগের সুপারিশ, অন্তর্বর্তী সরকারকালীন কমিটি বিলুপ্ত
Advertisement
বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২১ পিএম
ছবি: জাতীয় সংসদ ফেসবুক পেজ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ১৬টি শূন্যপদে দ্রুত নিয়োগ সম্পন্ন করতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের কাছে পত্র পাঠানোর সুপারিশ করেছে জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটি।
একই সঙ্গে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্যপদে নিয়োগের জন্য আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি সভায় সভাপতিত্ব করেন।
সভায় সংসদ সচিবালয়ের সরাসরি নিয়োগযোগ্য শূন্যপদের মধ্যে প্রথম শ্রেণির ১৫টি এবং দ্বিতীয় শ্রেণির একটি পদে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার সুপারিশ করা হয়।
এ ছাড়া আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ৮৬ জনের নিয়োগ-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয় এবং সংশ্লিষ্ট পদগুলো সংরক্ষিত রেখে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার সুপারিশ করে কমিটি।
সভায় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা মূল্যায়ন, দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনবল-সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
সভায় অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর গঠিত এ সংক্রান্ত কমিটি ১৪ অক্টোবর ২০২৬ থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়।
কমিটির সদস্য হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, মো. সেলিম রেজা, মো. মাহবুবুল আলম এবং মোসাম্মৎ শাম্মী আক্তার সভায় অংশ নেন। এ ছাড়া কমিটির সভাপতির বিশেষ আমন্ত্রণে হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান সভায় যোগ দেন।
এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
