Logo
Logo
×
   

জাতীয়

স্বাধীনতা পুরস্কার যাদের উৎসর্গ করলেন হানিফ সংকেত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১০:২৩ পিএম

স্বাধীনতা পুরস্কার যাদের উৎসর্গ করলেন হানিফ সংকেত

নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত। ফাইল ছবি

এ বছর রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’-এ ভূষিত হয়েছেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদির’ নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত।

দেশের শিল্প ও সংস্কৃতিতে অসামান্য ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ বৃহস্পতিবার (৫ মার্চ) এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুরস্কারের ঘোষণা আসার কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমে হানিফ সংকেত তার অনুভূতির কথা জানান।

তিনি লিখেছেন, সুহৃদ, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বছর আমাকে সংস্কৃতিতে ‘স্বাধীনতা পদক’-এ ভূষিত করেছেন। এ অর্জন আমার একার নয়- যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার এ দীর্ঘ যাত্রা সম্ভব হয়েছে এ অর্জন তাদের সবার। আজকের এ আনন্দের দিনে আমি তাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ পুরস্কার আমি আমার লক্ষ-কোটি দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করছি।

তিনি আরও লিখেছেন, আমি বিশ্বাস করি, সুস্থ সংস্কৃতিই পারে একটি সমাজকে আলোকিত করতে এবং দেশের জন্য সম্মান বয়ে আনতে। আমৃত্যু আমি সুস্থ সংস্কৃতির চর্চায় দেশের জন্য কাজ করে যেতে চাই।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি লেখেন, অতীতেও আমি যেমন দায়িত্ব নিয়ে কাজ করেছি, ভবিষ্যতেও দায়িত্ব নিয়ে কাজ করে যাব। এ পুরস্কার আমাকে সামনে এগিয়ে যেতে আরও উৎসাহিত করবে। আপনারা আমার জন্য দোয়া করবেন।

এ বছর সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য হানিফ সংকেতের পাশাপাশি প্রখ্যাত সংগীতশিল্পী বশির আহমেদকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার প্রদান করা হচ্ছে। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে হানিফ সংকেতসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম