Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

পে স্কেল নিয়ে সচিব কমিটির সর্বশেষ বৈঠক

চলতি মাসের মধ্যেই প্রস্তাব যাবে মন্ত্রিসভায়, আরও যেসব সিদ্ধান্ত এলো

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০১:০৮ পিএম

চলতি মাসের মধ্যেই প্রস্তাব যাবে মন্ত্রিসভায়, আরও যেসব সিদ্ধান্ত এলো

Advertisement

সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সচিব কমিটির সর্বশেষ বৈঠকে নতুন বেতন কাঠামো নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। সোমবার (৬ জুলাই) অনুষ্ঠিত বৈঠকে বেতন বৃদ্ধি, বাস্তবায়ন প্রক্রিয়া, ভাতা কাঠামো এবং পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, সব গ্রেডে সমান হারে বেতন বাড়বে না। নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীদের মূল বেতন তুলনামূলক বেশি বাড়ানোর সুপারিশ করা হচ্ছে। কমিশনের আগের প্রস্তাব অনুযায়ী মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে—এ বিষয়টিও আলোচনায় এসেছে।

এ ছাড়া ভাতা ও অন্যান্য সুবিধা বাস্তবায়নের জন্য একাধিক বিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ (এসআরও) জারির বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পে স্কেল বাস্তবায়নে তাড়াহুড়া করা হবে না। প্রতিটি প্রস্তাবের আর্থিক প্রভাব, প্রশাসনিক সক্ষমতা ও আইনগত দিক যাচাই করেই চূড়ান্ত সুপারিশ তৈরি করা হবে।

চলতি জুলাই মাসের শেষ নাগাদ সচিব কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিতে চায়। এর আগে আরও দুটি বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকগুলোতে বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত, সরকারের আর্থিক সক্ষমতা, বাস্তবায়ন কৌশল এবং ধাপভিত্তিক কাঠামো নিয়ে আলোচনা হবে।

চূড়ান্ত সুপারিশ মন্ত্রিসভায় উপস্থাপনের পর সেখানে প্রয়োজন হলে পরিবর্তন, সংযোজন বা বিয়োজন করা যাবে। এরপর প্রধানমন্ত্রীর অনুমোদন, আইন মন্ত্রণালয়ের ভেটিং এবং গেজেট প্রকাশের মাধ্যমে নবম পে স্কেল কার্যকর হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বেসামরিক সরকারি কর্মচারীদের পাশাপাশি বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্যও পৃথক প্রজ্ঞাপন জারি করা হবে।

উল্লেখ্য, সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ প্রণয়নের জন্য গত ২১ এপ্রিল ১০ সদস্যের সচিব কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতিত্ব করছেন নাসিমুল গনি। এর আগে জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন নবম জাতীয় বেতন কমিশন বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে বেতন ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম