Logo
Logo
×
   

জাতীয়

নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৮:১২ পিএম

নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি খাল বা ক্যানেল যদি সরকারি দলের নেতাকর্মীদের দখলে থাকে তা উদ্ধার করে খাল পুনঃখনন করা হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, পাঁচজন মানুষের জন্য জন্য যদি পাঁচ লাখ মানুষ পানিবন্দি থাকে, তবে আমরা পাঁচ লাখ মানুষের দুর্ভোগ লাঘবে কাজ করব। ওই প্রভাবশালী পাঁচজনের কাছ থেকে খালের জমি উদ্ধার করতে যা যা করার প্রয়োজন প্রশাসন সেই উদ্যোগ গ্রহণ করবে। আপনারা আমাদের সরকারের সঙ্গে সহযোগিতা করুন। আগামী ২-৩ দিনের মধ্যে খাল উদ্ধারে কাজ শুরু করব আপনাদের সঙ্গে নিয়ে। 

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নাম্বার ক্যানেল এলাকায় পানিবন্দি এলাকা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া, রূপসী স্লুইসগেট এলাকা পরিদর্শন করেন। 

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, রূপগঞ্জ থাকার কথা রূপে ভরপুর; অথচ এখানকার অবস্থা দেখে মনে হচ্ছে বিগত সময় কোনো কাজই হয়নি। ফ্যাসিস্টরা লুটপাটে ব্যস্ত ছিল। সরকারে পরোক্ষ ও প্রত্যক্ষ মদতে খাল দখল ও ভরাট হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন যে যতই শক্তিশালী হোক না কেন সরকারি নদী, নালা, খাল-বিল জমি কেউ দখল করে রাখতে পারবে না। আমরা সেই মোতাবেক কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশের প্রথম খাল খননের কাজ শুরু হয়। তারপর বিগত ফ্যাসিস্টরা এসে খাল খননের কাজ বন্ধ করে দেয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান আবার সেই কাজ চালু করেছেন- ইনশাআল্লাহ দ্রুতই দেশের মানুষ এর সুফল পেতে শুরু করবেন। 

এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সদস্য সচিব বাছির  উদ্দিন বাচ্চু, জেলা বিএনপির সদস্য আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াসিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর হোসেন, ভুলতা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .