Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

বাংলাদেশিদের মান্দারিন ভাষা শেখাবে চীন: মীর শাহে আলম

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০২:৫৮ পিএম

বাংলাদেশিদের মান্দারিন ভাষা শেখাবে চীন: মীর শাহে আলম

সংগৃহীত ছবি

Advertisement

বিদেশের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির সুযোগ বাড়াতে মান্দারিন ভাষা প্রশিক্ষণে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে চীন। দেশটির বিশেষজ্ঞরা বাংলাদেশে এসে দক্ষতা উন্নয়নের পাশাপাশি মান্দারিন ভাষা শেখাবেন। এ জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হবে না বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, দেশের দক্ষ কর্মীদের বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে তুলতে মান্দারিন ভাষা শেখানোর বিষয়ে চীনের সহযোগিতা চাওয়া হয়েছে। চীন ইতোমধ্যে এ বিষয়ে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। দেশটির বিশেষজ্ঞরা বাংলাদেশে এসে প্রশিক্ষণ দেবেন।

প্রতিমন্ত্রী জানান, এই প্রশিক্ষণ কার্যক্রমে বাংলাদেশ সরকারের কোনো অর্থ ব্যয় হবে না। 

বৈঠকে মোংলা বন্দর উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে। মীর শাহে আলম বলেন, মোংলা বন্দরের উন্নয়নে চীন আগ্রহ প্রকাশ করেছে এবং দ্রুত কাজ শুরুর বিষয়ে দেশটির পক্ষ থেকে আগ্রহ জানানো হয়েছে।

এ ছাড়া মোংলা ও চট্টগ্রাম বন্দরের মধ্যে যোগাযোগব্যবস্থা আরও উন্নত করার বিষয়েও আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর, দেশটির ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক এবং চট্টগ্রামে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধনের বিষয়ও বৈঠকে উঠে আসে।

বাংলাদেশ-চীনের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক চাপের সময়ে চীনের কাছ থেকে যতটা সম্ভব বিনিয়োগ ও সহযোগিতা নেওয়া সরকারের অন্যতম লক্ষ্য।

বৈঠকে চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চল, দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক এবং রাজনৈতিক দলগুলোর পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। চীনের রাজনৈতিক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর এবং বিএনপির প্রতিনিধিদলের চীন সফরের মাধ্যমে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক আরও গভীর করার আগ্রহের কথাও বৈঠকে জানানো হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম