বাণিজ্য সহজীকরণে অংশীদারত্ব বাড়াতে চায় ইউএনডিপি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৪:০১ পিএম
সচিবালয়ে ঢাকায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎ করেন। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, লজিস্টিকস ব্যয় কমানো এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) সক্ষমতা বাড়াতে সহযোগিতা জোরদার করতে আগ্রহ দেখিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে ঢাকায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎ করে এমন আগ্রহের কথা তুলে ধরেন।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় বাংলাদেশের দক্ষতা উন্নয়নে কাজ করার কথাও বলেছে জাতিসংঘের সংস্থাটি।
ইউএনডিপির বলছে, বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা ধারাবাহিকভাবে বাড়ছে। এ সুযোগ কাজে লাগানোর পাশাপাশি স্থানীয় ব্যবসাকে শক্তিশালী করা এবং ব্যবসার পরিবেশগত ও সামাজিক মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসার লাইসেন্স ও অনুমোদন প্রক্রিয়া সহজ করতে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আগে কোনো কোনো প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় তিন মাস সময় লাগলেও বর্তমানে তা দুই সপ্তাহের মধ্যে সম্পন্ন করা সম্ভব হচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈঠকে দেশের উচ্চ লজিস্টিকস ব্যয় কমানো এবং বন্দর ও টার্মিনাল ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির বলেন, আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনার মাধ্যমে পণ্য ওঠানো-নামানোর সময় ও ব্যয় কমিয়ে বাংলাদেশের বাণিজ্যিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
এমএসএমই খাতকে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বর্ণনা করে এ খাতে অর্থায়নের ঘাটতি চিহ্নিত করা, উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং বাজারের সঙ্গে কার্যকর সংযোগ তৈরিতে ইউএনডিপির সহযোগিতা চান বাণিজ্যমন্ত্রী।
