Logo
Logo
×

Advertisement

জাতীয়

সরকারের উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম

সরকারের উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার

বক্তব্য দিচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

Advertisement

সরকারের উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের সাংবিধানিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাস্তবায়নাধীন ‘প্রতিষ্ঠান, নীতি ও সেবার শক্তিশালীকরণ’ (এসআইপিএস) প্রকল্পের আওতায় আয়োজিত ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ শীর্ষক পরিচিতিমূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ একটি কার্যকর সংসদ। এই সংসদের সংসদ-সদস্যগণ খুবই দক্ষ ও প্রশিক্ষিত। বিভিন্ন পেশার স্বনামধন্য ব্যক্তি জনগণের ম্যান্ডেট নিয়ে এই সংসদে নির্বাচিত হয়ে আসছে। আইন প্রণয়নের পাশাপাশি সংসদ-সদস্যদের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সরকারের উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা আইনপ্রণেতাদের সাংবিধানিক দায়িত্ব।’

তিনি বলেন, ‘সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি যেমন বেড়েছে, তেমনি প্রকল্পের বাস্তবায়নের কারিগরি ও অন্যান্য সংশ্লিষ্ট জটিলতাও বেড়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় সম্পৃক্ত থেকে সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ-সদস্যদের দায়িত্ব। এই অরিয়েন্টেশন কর্মশালার মাধ্যমে লব্ধ জ্ঞান সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।’

স্পিকার আরও বলেন, ‘সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম এবং সংসদ-সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের সাথে টেকসই উন্নয়ন লক্ষ্য এর সামঞ্জস্য খুঁজে বের করতে হবে। সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। উন্নয়ন প্রকল্প সঠিক সময়ে বাস্তবায়ন করার পাশাপাশি প্রকল্পের গুণগত মান বৃদ্ধি করে উন্নয়ন তৎপরতা অব্যাহত রাখতে হবে।’

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী লীগ বিগত ১৫ বছর প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছে। ভোট জালিয়াতি, অর্থপাচার এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে স্বৈরাচারী সরকার আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করেছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ‘২০১৪ এর জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ জন অনির্বাচিতভাবে সংসদ-সদস্য হন। ১১ বছর পরে নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে। ২০১৫ সালে এসডিজি লক্ষ্যমাত্রা গৃহীত হলেও ২০১৪ সালের অনির্বাচিত সংসদ-সদস্যরা এসডিজি বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করতে পারেনি। বর্তমান নির্বাচিত সংসদের জনপ্রতিনিধিরা এটা বাস্তবায়ন করবে।’

বিশেষ অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বলেন, ‘২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে দেশ যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে তা বাস্তবায়নে টেকসই উন্নয়ন পরিবেশ নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সংসদ-সদস্যদের দৃষ্টিভঙ্গি, সক্ষমতা ও কর্মবাস্তবায়নে স্বচ্ছতা খুবই গুরুত্বপূর্ণ।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন ইউএনডিপির সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার ড্রাগান পপোভিচ।

কর্মসূচিতে স্পিকার সংসদের উন্নয়ন প্রকল্পে ইউএনডিপির নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য, ইউএনডিপির প্রতিনিধি, প্রকল্প পরিচালকসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী’

‘পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী’

১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার

১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার

দুর্নীতি নির্মূলে রাজনীতিবিদদের দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে: স্পিকার

দুর্নীতি নির্মূলে রাজনীতিবিদদের দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে: স্পিকার

সংরক্ষিত নারী আসন নিয়ে স্পিকারের নতুন প্রস্তাব

সংরক্ষিত নারী আসন নিয়ে স্পিকারের নতুন প্রস্তাব

গাজী নজরুলের বিষয়ে সংসদে যে তথ্য জানালেন স্পিকার

গাজী নজরুলের বিষয়ে সংসদে যে তথ্য জানালেন স্পিকার

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত

আরও পড়ুন

সরকারের উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার

সরকারের উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার

সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখায় আমি সন্তুষ্ট: রামিসার বাবা

সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখায় আমি সন্তুষ্ট: রামিসার বাবা

জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ

জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ

মোবাইল অপারেটরদের কঠিন শর্ত দিল অর্থ মন্ত্রণালয়

মোবাইল অপারেটরদের কঠিন শর্ত দিল অর্থ মন্ত্রণালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম