দুর্নীতি নির্মূলে রাজনীতিবিদদের দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে: স্পিকার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম
‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস’-এর জনপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
|
ফলো করুন |
|
|---|---|
সুবিধাবঞ্চিত ও অনগ্রসর মানুষের ভাগ্যোন্নয়নে সর্বদলীয় সংসদীয় ককাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত হয়। আর প্রকৃত গণতন্ত্রের মাধ্যমেই সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ আয়োজিত ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস’-এর জনপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন ছিল। বিগত আওয়ামী লীগ সরকার পরপর তিনটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার নস্যাৎ করেছিল। জনগণের দৃঢ় প্রতিরোধের কারণে দেশে স্বৈরশাসনের অবসান হয়েছে। আপামর জনসাধারণের ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে বর্তমান সংসদ কাজ করছে।
তিনি বলেন, রাজনীতিবিদদের দৃঢ় প্রতিজ্ঞার মাধ্যমে দেশে দুর্নীতি নির্মূল করা সম্ভব। আমলারা রাজনীতিবিদদের অধীনেই কাজ করেন। এবারের সংসদে নারী সংসদ সদস্যরা সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আগের তুলনায় নারী সংসদ সদস্যরা অনেক বেশি অভিজ্ঞ ও দক্ষ।
স্পিকার আরও বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করলে প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসবেন। প্রকৃত অর্থে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমেই দেশের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সমস্যা সমাধানে সর্বদলীয় সংসদীয় ককাস গঠন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সংসদে প্রতিনিধিত্বকারী বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের সমন্বয়ে এই ককাস গঠনের মূল উদ্দেশ্য হলো দলীয় মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে পিছিয়ে পড়া মানুষের অধিকার, সুযোগ ও জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করা। এ সময় দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অন্যান্য রাজনৈতিক শক্তির প্রতিনিধিদেরও এ উদ্যোগে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে প্রশ্নোত্তর ও আলোচনায় পাহাড় ও সমতলে বসবাসরত নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অগ্রাধিকার, শহরের ভাসমান জনগোষ্ঠীর জাতীয় পরিচয়পত্র, বাংলাদেশে বসবাসরত উর্দুভাষী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা, দলিতদের স্থায়ী বাসস্থান, পরিচ্ছন্নতাকর্মীদের সামাজিক অগ্রাধিকার, অভিবাসী নারী কর্মীদের সামাজিক সুরক্ষা এবং গার্মেন্টস শ্রমিকদের অধিকার নিশ্চিত করার বিষয়গুলো উঠে আসে।
এ ছাড়া বেদে ও উপকূলীয় জেলে সম্প্রদায় এবং দুস্থ, এতিম ও প্রবীণদের জন্য বিশেষ আইন প্রণয়নের বিষয়েও ককাসের অংশীজনরা গুরুত্বারোপ করেন।
এ সময় ‘কাউকে পিছিয়ে রাখা যাবে না’ শিরোনামে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে সমাজের বিভিন্ন স্তরের সুবিধাবঞ্চিত মানুষের নিদারুণ ও মর্মন্তুদ অভিজ্ঞতা তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শুরুতে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ককাস গঠনের প্রেক্ষাপট, উদ্দেশ্য ও কর্মপরিধি তুলে ধরেন।
অনুষ্ঠানে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে ককাসের সদস্য, জাতীয় সংসদের হুইপ, ককাসের অংশীজন, আমন্ত্রিত অতিথি, এনজিও কর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

-6af5b168f1260.jpg)