ভূগর্ভস্থের পানি কম ব্যবহারের পরামর্শ পরিবেশ প্রতিমন্ত্রীর
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পিএম
পানিহারা গ্রামের ভোলাপুকুরপাড়ে আমগাছের চারা রোপণ করেন পরিবেশ প্রতিমন্ত্রী। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ভূগর্ভস্থ পানি কমে যাচ্ছে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ভূগর্ভস্থ পানি যত কম ব্যবহার করা যায় পরিবেশের জন্য তত ভালো হবে। এছাড়া আশপাশের পুকুর ও জলাশয় এবং বৃষ্টির পানি বেশি ব্যবহার করার চেষ্টা করতে হবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নওগাঁর নিয়ামতপুরে অংশগ্রহণমূলক ওয়ার্ড বিপন্নতা বিশ্লেষণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ ফরিদুল ইসলাম বলেন, পরিবেশের সুরক্ষার জন্য প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ করতে হবে। মাইক্রোপ্লাস্টিকসহ বিভিন্ন দূষণ চলে আসছে, যা নিয়ন্ত্রণ করতে কাজ করা হচ্ছে। পাশাপাশি ইটভাটার ধোঁয়ায় পরিবেশ দূষণ হচ্ছে। এতে ক্যানসারসহ বিভিন্ন রোগব্যাধি মানব শরীরে ছড়িয়ে পড়ছে। উন্নয়নের জন্য ইটের প্রয়োজন আছে। এমনভাবে ইটভাটা নিয়ন্ত্রণ করতে হবে যেন পরিবেশের কম ক্ষতি করে তৈরি করা যায়। পাশাপাশি ব্লকসহ অন্য শিল্প নিয়ে কিছু করার পরিকল্পনা করা হচ্ছে।
তিনি বলেন, জনপদের মৌলিক সমস্যা চিহ্নিত করে সমাধান করা হবে। সরকার এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কোনো জনপদ পিছিয়ে থাকবে না এবং সুষম উন্নয়ন করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, এ জনপদের মানুষের জন্য সুপেয় পানির চাহিদা পূরণ করা হবে। কৃষিকাজ ও গৃহস্থালি কাজেও পানি ব্যবহার করা হয়। গ্রীষ্মে প্রচণ্ড গরম হয়। সাধারণ মানুষের যে চাহিদা, সরকারসহ বিভিন্ন বেসরকারি সংস্থা যৌথভাবে কাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন- নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরশিদা খাতুন, উপজেলা ইএসডিও ইনচার্জ কলি ইয়াসমিন, সরকারি কর্মকর্তা ও ইএসডিওর বিভিন্ন প্রতিনিধিরা।
আলোচনা সভার আগে পানিহারা গ্রামের ভোলাপুকুরপাড়ে আমগাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী। পরে পানিহারা গ্রামে জাবঠাপাড়া ‘টেকসই জ্বালানি ও জলবায়ুসহিষ্ণু বায়োগ্যাস প্লান্ট’ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

