মোস্তাকুর রহমানকে গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে অপসারণ করে ওই পদে মো. মোস্তাকুর রহমানকে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ রিট সরাসরি খারিজ করে দেন।
গভর্নরের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরিয়ে দেওয়া সংক্রান্ত পত্রপত্রিকার বিভিন্ন সংবাদ যুক্ত করে অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন গত ৫ মার্চ এ রিট করেছিলেন।
রিটে অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংক (পক্ষে গভর্নর) এবং গভর্নর মোস্তাকুর রহমানকে বিবাদী করা হয়।
আবেদনে আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নরের নিয়োগ কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছিল। একইসঙ্গে নিয়োগ ও অপসারণের পৃথক গেজেটের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে।
রিট দায়েরর পর আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার সারোয়ার হোসেন বলেছিলেন, বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২–এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘন করে সরকার আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে অপসারণ করেছে। এই আইনের অধীনে বাংলাদেশ ব্যাংকের কোনো গভর্নর যদি অক্ষম বা অযোগ্য না হন, তাহলে তাকে পদ থেকে অপসারণ করা যায় না।
তিনি বলেছিলেন, কোনো ব্যক্তি ঋণখেলাপি হলে তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার সুযোগ নেই।
এই আইনজীবীর দাবি, মোস্তাকুর রহমান একজন ঋণখেলাপি এবং বিতর্কিত এস আলম গ্রুপের একটি প্রতিষ্ঠানের সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ১৪ আগস্ট অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব দেয়। তার নেতৃত্বে শুরু হয় ব্যাংক খাতের সংস্কারের কাজ। ২০২৮ সালের আগস্টে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
কিন্তু গত ২৫ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক প্রজ্ঞাপনে মোস্তাকুর রহমানকে গভর্নর হিসেবে নিয়োগ এবং আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করে।

-6a9d5e3fab15b.jpg)