আ.লীগের নামে ঝটিকা মিছিলের চরম খেসারত দিতে হবে: প্রতিমন্ত্রী হাবিব
Advertisement
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম
গাজীপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
সড়ক পরিবহণ, সেতু বিভাগ ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, বর্তমানে আমাদের সমাজে মাদকই হচ্ছে সব অপরাধের মূল ভিত্তি। শতকরা ৯৫ ভাগ অপরাধ হচ্ছে এই মাদককে কেন্দ্র করে। আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে এই মাদককে কেন্দ্র করে। সবার আগে এই মাদককে নির্মূল করতে হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রশিদ হাবিব বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে যতই ঝটিকা মিছিল করুক না কেন এর ফল ভালো হবে না। এদের চরম খেসার দিতে হবে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদের ধরার জন্য কাজ করছে।
তিনি বলেন, গাজীপুরের সার্বিক উন্নয়নে আমরা সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব।
সভায় ফজলুল হক মিলন বলেন, গাজীপুরের অনেক সমস্যা রয়েছে যা সমাধানে কাজ শুরু করেছি। কথা বেশি বলে লাভ কী হবে, আমাদের এখন কাজ করার সময়, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় এসএম রফিকুল ইসলাম বাচ্চু শ্রীপুরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে বলেন, এখানে পুলিশের ভূমিকা আরও জোরদার করতে হবে।
মজিবুর রহমান বলেন, আগে বিরোধী দলে ছিলাম, এখন সরকারি দলের এমপি হয়েছি। আমাদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। ২০ বছর পৌরসভার মেয়র ছিলাম, এমন বহু মিটিং এ বক্তৃতা করেছি, তেমন একটা কাজে আসেনি। আমাদের এখন কথা কম বলে কাজ বেশি করতে হবে।
সালাহ উদ্দিন আউয়ুবী বলেন, আমার নির্বাচনী এলাকা কাপাসিয়াতে বর্তমানে আইনশৃঙ্খলার চরম অবনতি দেখা দিয়েছে। প্রতি রাতে গরু চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদি হচ্ছে। সম্প্রতি একটি জমি নিয়ে পারিবারিক দ্বন্দ্বে একজন খুন হয়েছে। কিন্তু ওই আসামি এখনো গ্রেফতার হয়নি।
মাদকের প্রসঙ্গে তিনি বলেন, এটা তো ভয়াবহ পরিস্থিতি, এ ব্যাপারে আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই।
সিটি প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, জেলা ও মহানগরের সমন্বয়ে আমরা ঐক্যবদ্ধ। সবাইকে নিয়েই একসঙ্গে কাজ করব, আমার জায়গা থেকে আমি আমার দায়িত্ব পালনে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
গাজীপুরের জেলা প্রশাসক জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন আউয়ুবী, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার, গাজীপুর জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন প্রমুখ।
এছাড়া, জেলার অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তারাবৃন্দ, বিভিন্ন ইউনিটের প্রধান ও প্রতিনিধিগণসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

