সুবিধাবঞ্চিতদের উন্নয়নকে প্রাধান্য দিয়েই কাজ করছে সরকার: মঈন খান
Advertisement
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পিএম
রসিংদীর পলাশ উপজেলা হলরুমে সহায়তা সামগ্রী ও আর্থিক অনুদান তুলে দিচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের সার্বিক উন্নয়নকে মুখ্য বিবেচনায় রেখেই বর্তমান বিএনপি সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে নরসিংদীর পলাশ উপজেলা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
ড. মঈন খান বলেন, সরকারি কর্মকর্তারা জনগণের সেবক হিসেবে কাজ করবেন। বিএনপি সরকার প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সুশাসনের রাজনীতিতে বিশ্বাসী। এ সময় সংবাদপত্রের স্বাধীনতার অপব্যবহার করে কোনো কোনো গোষ্ঠী মিথ্যাচার করছে উল্লেখ করে তিনি তা সতর্কতার সঙ্গে মোকাবিলা করার আহ্বান জানান।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতীয়াসহ স্থানীয় দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বেদে ও হরিজন সম্প্রদায় এবং ডাঙ্গা ইউনিয়নের দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া দুস্থ ব্যক্তি ও সম্প্রতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা এবং ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ প্রদান করা হয়।
মন্ত্রী নিজে উপস্থিত থেকে স্বজনদের হাতে এসব সহায়তা সামগ্রী ও আর্থিক অনুদান তুলে দেন।

-6ab7d7a20969a.jpg)