লাওসে বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট সাময়িক স্থগিত
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২০ পিএম
এআই ছবি। সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
লাওসে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন করে শ্রমিক নিয়োগ, ওয়ার্ক পারমিট অনুমোদন ও শ্রমিক নিয়োগের কোটা অনুমোদন সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়। একই সঙ্গে বাংলাদেশিদের জন্য শ্রমিক শ্রেণির ভিসা এলএ-বি২ ইস্যুও সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে লাওসের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লাওসের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় গত ৯ সেপ্টেম্বর জারি করা এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশি নাগরিকদের নতুন করে শ্রমিক হিসেবে নিয়োগের জন্য কোটা অনুমোদন, শ্রমিক নিয়োগ এবং ওয়ার্ক পারমিট অনুমোদনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের শ্রমিক শ্রেণির ভিসা এলএ-বি২ ইস্যুও সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এ স্থগিতাদেশ ১ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
এ পরিস্থিতিতে লাওসে যেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের কর্মসংস্থানের জন্য সংশ্লিষ্ট কার্যক্রম গ্রহণ ও তাদের পাঠানোর ক্ষেত্রে স্থগিতাদেশ যথাযথভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
এ ছাড়া লাওসে যেতে ইচ্ছুক কর্মীদের কোনো প্রতিষ্ঠানের কাছে পাসপোর্ট জমা না দেওয়ার এবং এ সংক্রান্ত কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্যও সতর্ক করেছে মন্ত্রণালয়।

