এলপিজির দাম বৃদ্ধি করে সরকার দুর্বৃত্তদের পক্ষালম্বন করেছে: গাজী আতাউর
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, গ্যাসের কোনো সংকট না থাকলেও কেবলই কারসাজি করে এই সংকট তৈরি করা হয়েছে। সরকারও তাদের কারসাজি রোধে কোনো ব্যবস্থা না নিয়ে তাদের কথামতো এলপিজির দাম বাড়িয়ে দুর্বৃত্তদের পক্ষালম্বন করেছে।
সোমবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এই দাবী জানান।
গাজী আতাউর রহমান বলেন, কৃত্রিম সরবরাহ সংকট তৈরি করে ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৩৭ টাকা। গত মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৫৮৫ টাকা। গত জানুয়ারিতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৫৩ টাকা।
ফেব্রুয়ারিতে ১০৩ টাকা বাড়ানো হয়। যুদ্ধ শুরুর পর এপ্রিলে দুই দফায় ৫৯৯ টাকা দাম বাড়ানো হয়। জুন ও জুলাইয়ে ৪০০ টাকার মতো কমানো হলেও আগস্টে আবার ৭০ টাকা বাড়িয়ে সেপ্টেম্বরে কমানো হয় ১৩ টাকা। আর এখন বাড়ানো হলো ২৫২ টাকা। এখন ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা।
তিনি বলেন, এলপিজি সরবরাহ তথ্য বিশ্লেষণে দেখা যায়, গ্যাসের কোনো সংকট ছিল না। কেবলই কারসাজি করে এই সংকট তৈরি করা হয়েছে। সরকারও তাদের কারসাজি রোধে কোনো ব্যবস্থা না নিয়ে তাদের কথামতো দাম বাড়িয়ে দুর্বৃত্তদের পক্ষালম্বন করেছে। দেশের প্রায় এক কোটি মানুষ রান্নার জন্য এলপিজি গ্যাস ব্যবহার করে। এই মূল্যবৃদ্ধি কোটি মানুষের জীবনে গুরুতর প্রভাব ফেলবে। তাই সরকারকে বলব, যারা বাজার কারসাজি করে তাদেরকে প্রতিহত করুন। দুর্বৃত্তদের চাহিদামতো দামবৃদ্ধি করে জনতাকে কষ্ট দেবেন না।
তিনি অবিলম্বে এই দাম কমানোর দাবি জানিয়ে বলেন, যারা বাজার কারসাজি করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
