ভ্রমণের স্মৃতি এবার ম্যাপে, যে ওয়েবসাইটে হইচই
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সামাজিক যোগাযোগমাধ্যমে ইদানীং অনেকের প্রোফাইলে দেখা যাচ্ছে বাংলাদেশের জেলার মানচিত্র। কেউ দেখাচ্ছেন কোন কোন জেলা ঘোরা হয়েছে, আবার কেউ ম্যাপ শেয়ার করে জানাচ্ছেন ভবিষ্যতে কোথায় যাওয়ার পরিকল্পনা। এর পেছনে রয়েছে ‘আনসিন বাংলাদেশ’ নামের একটি ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট।
ভ্রমণপ্রেমীদের জন্য তৈরি প্ল্যাটফর্মটিতে বাংলাদেশের ৬৪ জেলা ও বিশ্বের ১৯৫টি দেশের ম্যাপ রয়েছে। ব্যবহারকারীরা ইতোমধ্যে ঘুরে আসা জেলা নির্বাচন করে নিজের একটি ভ্রমণ ম্যাপ তৈরি করতে পারেন। এতে পছন্দের থিম, নিজের নাম ও ছবি যোগ করে ম্যাপটি পিএনজি, জেপিজি কিংবা পিডিএফ ফরম্যাটে সংরক্ষণ করা যায়।
বাংলাদেশের পাশাপাশি বিশ্বভ্রমণের হিসাব রাখার সুবিধাও রয়েছে। ১৯৫টি দেশ ও ছয় মহাদেশের ম্যাপ থেকে ভ্রমণ করা দেশ নির্বাচন করে একইভাবে বিশ্বভ্রমণের ম্যাপ তৈরি করা যায়।
শুধু ভ্রমণের স্মৃতি সংরক্ষণ নয়, নতুন জায়গা খুঁজে বের করতেও সহায়তা করে ওয়েবসাইটটি। ৬৪ জেলার ২৪০টির বেশি দর্শনীয় স্থানের তথ্য রয়েছে এখানে। কোনো জেলা বা স্থান নির্বাচন করলে জনপ্রিয় ও কম পরিচিত দর্শনীয় স্থান, যাতায়াতের উপায়, আনুমানিক খরচ এবং থাকার ব্যবস্থা সম্পর্কেও তথ্য পাওয়া যায়।
রয়েছে ‘ট্রিপ প্ল্যানার’ সুবিধাও। এতে যাত্রার স্থান, গন্তব্য জেলা, ভ্রমণের ক্রম, সময় ও বাজেট নির্ধারণ করা যায়। চাইলে কম দূরত্বের ভিত্তিতে রুট সাজানোর পাশাপাশি নিজের পছন্দ অনুযায়ী ভ্রমণসূচিও তৈরি করা যায়।
ভ্রমণকে আরও আকর্ষণীয় করতে রয়েছে বাংলাদেশ বিষয়ক কুইজ ও ম্যাপ পাজল। কুইজে খাবার, দর্শনীয় স্থান, জেলার নাম ও দেশের মানচিত্র নিয়ে প্রশ্ন থাকে। ভালো ফল করা ব্যবহারকারীদের জন্য রয়েছে লিডারবোর্ড।
ব্যবহারকারী শাহ আমানুল্লা পরানের মতে, আমাদের মতো ভ্রমণপিপাসু মানুষদের জন্য এটি ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল ম্যাপ ও ভ্রমণ গাইডের সমন্বয়ে তৈরি একটি আকর্ষণীয় প্ল্যাটফর্ম।
এ বিষয়ে জানতে চাইলে মো. আল-আমিন বলেন, সারাদেশের অনেক জায়গায় ঘুরেছি। কিন্তু কখনো সেগুলোর রিমাইন্ডার রাখার প্রয়োজন মনে করেনি। নতুন ওয়েবসাইটটি দেখে আবারও নতুন করে ভ্রমণ করার অনুপ্রেরণা পাচ্ছি।
ওয়েবসাইটটির নির্মাতা মো. সাব্বির হোসেন রবিন। তিনি এক গণমাধ্যমকে জানান, নিজের ভ্রমণের ম্যাপ তৈরি করতে গিয়ে প্ল্যাটফর্মটির ধারণা আসে। সম্প্রতি নেত্রকোনা ভ্রমণের সময় তথ্য সংগ্রহে নানা সমস্যার মুখোমুখি হয়ে ভ্রমণপিপাসুদের জন্য কিছু করার প্রয়োজনীয়তা অনুভব করেন তিনি।
ওয়েবসাইটটি বিনামূল্যে ব্যবহার করা যায় এবং এতে কোনো বিজ্ঞাপন নেই। ব্যবহারকারীর নির্বাচিত জেলা ও ছবি শুধু তার ব্রাউজারেই সংরক্ষিত থাকে বলেও জানানো হয়েছে।

