Logo
Logo
×

Advertisement

জাতীয়

দেবী আসবেন ঘোড়ায়, যাবেন নৌকায়

মণ্ডপের সংখ্যা গত বারের চেয়ে দেড় হাজার বেশি

Advertisement

মুহম্মদ আকবর

মুহম্মদ আকবর

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১০:২৩ এএম

মণ্ডপের সংখ্যা গত বারের চেয়ে দেড় হাজার বেশি

ফাইল ছবি

Advertisement

শারদীয় দুর্গোৎসব সামনে রেখে রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোথাও প্রতিমায় দেওয়া হচ্ছে তুলির আঁচড়, আবার কোথাও চলছে সাজসজ্জার কাজ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শিল্পী ও কারিগরদের কর্মব্যস্ততায় মুখর হয়ে উঠছে পূজামণ্ডপ। রাজধানীর বিপণি বিতানগুলোতে কেনাকাটার হিড়িক দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা বেষ্টনি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিত তপন ভট্টাচার্য জানান, এ বছর দেবীর আগমন হবে ঘোড়ায় (ঘোটকে) এবং গমন হবে নৌকায়। শাস্ত্রমতে, দেবীর আগমন ও গমনের বাহনকে কেন্দ্র করে বিভিন্ন প্রতীকী ব্যাখ্যা রয়েছে। শাস্ত্রীয় ব্যাখ্যায় ঘোটকে আগমনের সঙ্গে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ-বিগ্রহ ও নৈরাজ্যের আশঙ্কার কথা বলা হয়েছে। ‘ছত্রভঙ্গস্তুরঙ্গমে’-এ শাস্ত্রীয় বর্ণনায় ঘোড়ার চঞ্চলতা ও যুদ্ধের বাহন হিসাবের প্রতীকী তাৎপর্য তুলে ধরা হয়। অন্যদিকে দেবীর নৌকায় গমনকে বৃষ্টি, জলবৃদ্ধি ও শস্যবৃদ্ধির সঙ্গে সম্পর্কিত বলে ব্যাখ্যা করা হয়। ‘নৌকাযাং শস্যবৃদ্ধিস্তু জলবৃদ্ধি : প্রফুরিতা’-এ শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী নৌকায় গমনের ফলে প্রচুর বৃষ্টি ও জলবৃদ্ধির ইঙ্গিত রয়েছে। এতে শস্যের ফলন বৃদ্ধির সম্ভাবনা থাকলেও অতিবৃষ্টি, বন্যা বা জলোচ্ছ্বাসে ফসল ও জনজীবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও থাকে।

তপন ভট্টাচার্য আরও জানান, শনিবার মহালয়া। হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী-মহালয়ার মধ্যদিয়ে দেবীপক্ষের সূচনা হয়। এদিন ভোরে বিভিন্ন মন্দির ও বাসাবাড়িতে চণ্ডীপাঠ, পূজা ও নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হয়। মহালয়ার পর ষষ্ঠী তিথিতে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আয়োজন শুরু হবে। তিনি জানান, মহালয়ার দিন থেকে দেশ ও জাতির মঙ্গল, দুষ্টের দমন ও শিষ্টের পালনের প্রার্থনা নিয়ে দেবীর আরাধনা করা হয়।

তপন ভট্টাচার্য জানান, ১৫ অক্টোবর হবে দুর্গা দেবীর বোধন অর্থাৎ নিদ্রাভঙ্গ। ১৬ অক্টোবর ষষ্ঠী তিথিতে বেলতলায় দেবীর অধিষ্ঠান, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। মূল আনুষ্ঠানিকতা শুরু হবে মহাসপ্তমীর দিন থেকে। হিন্দু আচার অনুযায়ী-মহালয়া, বোধন আর সন্ধিপূজা এই তিন পর্ব মিলে দুর্গোৎসব। এবার মহাসপ্তমী পড়েছে দুই দিনে। ১৭ ও ১৮ অক্টোবর এ দুই দিন সপ্তমি তিথি। এরপর ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শেষ হবে ছয় দিনের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানান, এবার সারা দেশে প্রায় ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গাপূজা হবে। যা গতবারের চেয়ে প্রায় দেড় হাজার বেশি। এর আগের বছর মণ্ডপের সংখ্যা ছিল ৩২ হাজার ৩৫১টি। তিনি প্রত্যাশা করছেন, এবারও পূজা শঙ্কামুক্তভাবে উদযাপন করা হবে। রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, প্রতিমা তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ে।

বৃহস্পতিবার গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের মণ্ডপে গিয়ে দেখা মিলেছে ব্যস্ততার। তাদের এবারের পূজার থিম ‘জলজ’। সার্বজনীন পূজা ফাউন্ডেশনের মণ্ডপের থিম আর্টিস্ট পার্থ প্রতীম সাহা যুগান্তরকে বলেন, জল থেকে জন্ম নেয় এবং জলে বেড়ে ওঠে-এমন বিভিন্ন উপাদান ও কারুশিল্পের সমন্বয়ে তৈরি হচ্ছে মণ্ডপটি। এর মাধ্যমে তুলে ধরা হবে জল, প্রকৃতি ও জীবনের গভীর সম্পর্ক। থিমের পেছনের ভাবনা ব্যাখ্যা করে তিনি বলেন, পৃথিবীর যেখানে জল আছে, সেখানেই প্রাণের অস্তিত্ব রয়েছে। আর যেখানে প্রাণ আছে, সেখানেই রয়েছে নানা ধরনের কর্মকাণ্ড। তাই জীবনের সঙ্গে জলের গভীর সম্পর্ককে কেন্দ্র করেই এবারের মণ্ডপের নকশা ও শিল্পভাবনা তৈরি করা হয়েছে। তিনি বলেন, দেবী দুর্গার সঙ্গেও জলের নানা ধরনের সম্পর্ক রয়েছে। দেবীর প্রণাম মন্ত্রেও জলের সঙ্গে সম্পর্কিত ভাবনার উল্লেখ রয়েছে। এসব বিষয়কে সামনে রেখেই ‘জলজ’ ধারণাটি তৈরি করা হয়েছে। জলকে কেন্দ্র করে জীবন, প্রকৃতি ও সৃষ্টির যে সম্পর্ক, মণ্ডপের বিভিন্ন কারুশিল্প ও নির্মাণশৈলীতে সেটিই তুলে ধরা হচ্ছে। পুরান ঢাকার শাঁখারীবাজারে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা। কারও হাতে প্রতিমায় শেষ মুহূর্তের মাটির প্রলেপ, আবার কেউ ব্যস্ত রঙ ও সাজসজ্জার কাজে। শাঁখারীবাজারের প্রতিমাশিল্পী লিটন পাল জানান, এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। দিন-রাত কাজ চলছে। চাহিদা অনুযায়ী প্রতিমা তৈরি করা হচ্ছে। তবে এবার প্রতিমা তৈরির খরচ বেড়েছে। গতবারের তুলনায় খরচ প্রায় দ্বিগুণ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রমনা কালী মন্দিরে গিয়ে দেখা গেছে-প্রতিমা নির্মাণের কাজ শেষ পর্যায়ে। রঙ তুলিতে নান্দনিক করার কাজে ব্যস্ত কারিগররা। এদিকে দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজধানীর বিপণিবিতানগুলোতে দেখা গেছে কেনাকাটার হিড়িক। পূজার পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী কিনতে ব্যস্ত সময় পার করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্ক থাকার প্রতিশ্রুতি ডিএমপির: এবারের শারদীয় দুর্গাপূজা পুলিশের জন্য ‘অগ্নিপরীক্ষা’ বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। তিনি জানান, প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপন নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবে ডিএমপি। তিনি জানান, মহালয়াসহ দুর্গাপূজা ও প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভির আওতায় থাকবে এবং দায়িত্বে থাকা পুলিশের ইনচার্জরা বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করবেন। পোশাকধারী ও সাদাপোশাকের পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম ও বম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত থাকবে। পূজা কমিটিগুলোকেও নিজস্ব নিরাপত্তায় সতর্ক থাকার আহ্বান তিনি জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা কাছের থানায় যোগাযোগের পরামর্শ দেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুর্গাপূজায় অগ্রণী ভূমিকা পালন করবে বিএনপি নেতাকর্মীরা: গয়েশ্বর

দুর্গাপূজায় অগ্রণী ভূমিকা পালন করবে বিএনপি নেতাকর্মীরা: গয়েশ্বর

বন্দর বিক্রি হয়নি, সক্ষমতা ও কর্মীদের আয় বাড়বে: বাণিজ্যমন্ত্রী

বন্দর বিক্রি হয়নি, সক্ষমতা ও কর্মীদের আয় বাড়বে: বাণিজ্যমন্ত্রী

দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ছাড় নয়: ডিসি ফরিদা

দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ছাড় নয়: ডিসি ফরিদা

দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি, পাবেন না যারা

দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি, পাবেন না যারা

মদ খেয়ে মণ্ডপে মাতলামি করলে কঠোর ব্যবস্থা

ফেনী পুলিশ সুপারের হুঁশিয়ারি মদ খেয়ে মণ্ডপে মাতলামি করলে কঠোর ব্যবস্থা

দুর্গাপূজার ছুটি: সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা

দুর্গাপূজার ছুটি: সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা

আরও পড়ুন

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ সরকারের

২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ সরকারের

সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

দেবী আসবেন ঘোড়ায়, যাবেন নৌকায় মণ্ডপের সংখ্যা গত বারের চেয়ে দেড় হাজার বেশি

মণ্ডপের সংখ্যা গত বারের চেয়ে দেড় হাজার বেশি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম