দুর্গাপূজায় শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পিএম
ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
|
ফলো করুন |
|
|---|---|
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে।
তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দুর্গোৎসব উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শনিবার (১০ অক্টোবর) ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একই ভেন্যুতে অন্য একটি অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্ড পেতে কাউকে কোনো অর্থ দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কেউ এ কার্ড দেওয়ার কথা বলে অর্থ দাবি করলে তাকে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি।
নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার ওপর গুরুত্বারোপ করে ইয়াসের খান চৌধুরী বলেন, হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এসব সেলাই মেশিন কাজে লাগিয়ে তারা আয় করতে পারবেন, পরিবারের ব্যয় নির্বাহের পাশাপাশি ভবিষ্যতের জন্য সঞ্চয়ও গড়ে তুলতে পারবেন।
তিনি বলেন, ক্ষুদ্র উদ্যোগ সম্প্রসারণের মাধ্যমে নারীরা নিজেদের আর্থিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন। এভাবে তারা ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবেন এবং অন্যদেরও সহযোগিতা করতে পারবেন।
এর আগে প্রতিমন্ত্রী নান্দাইল উপজেলা প্রশাসনের সভাকক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন ও ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা ও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

