ঢাকা-কুমিল্লা হচ্ছে ৮১ কিলোমিটার এলিভেটেড কর্ডলাইন, সময় কমবে ২ ঘণ্টা
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এ রেলপথ চালু হলে ঢাকা থেকে চট্টগ্রামে যাতায়াতের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমবে। একই সঙ্গে যাত্রার সময় দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত কমে আসবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকার শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত নতুন কর্ডলাইন স্থাপনের উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। ৮১ কিলোমিটার দীর্ঘ এ রেলপথের পুরোটাই হবে এলিভেটেড বা উড়ালপথ। এ বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
উপদেষ্টা জানান, নতুন এ কর্ডলাইন নির্মিত হলে ঢাকা থেকে চট্টগ্রামের রেলপথের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমবে। এতে যাতায়াতের সময়ও দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত কমে আসবে বলে আশা করা হচ্ছে।
পুরো রেলপথ এলিভেটেড হওয়ায় প্রায় ৩২২ একর জমি সাশ্রয় হবে। প্রাথমিকভাবে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৮৩ হাজার ৯০১ কোটি টাকা।
জমি অধিগ্রহণের পর প্রকল্পটি বাস্তবায়নে চার বছর লাগবে বলে প্রাথমিক পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে।
