এলপিজি সিলিন্ডারের দাম বাড়বে কিনা, গণশুনানি কাল
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গত ৪ অক্টোবর ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সেই খেসারত শেষ হতে না হতেই এবার আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতারা পরিবহণ, মজুত ও বিপণনের নানা খরচ দেখিয়ে কমিশন বাড়ানোর নতুন দাবি তুলেছেন।
ব্যবসায়ীদের এ বাড়তি খরচের খতিয়ান মেনে সিলিন্ডারের দাম আবার লাফিয়ে বাড়বে কি না—তা নির্ধারণ করতেই বসছে গণশুনানি। কাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সরকারি ও বেসরকারি খাতের এলপিজির ভোক্তাপর্যায়ের দর সংশোধনের এ প্রস্তাবগুলো নিয়ে বসবে বিইআরসি।
মূলত এ গণশুনানিতে এলপিজি বোতলজাতকরণ, মজুত ও বিক্রির প্রতিটি স্তরে লভ্যাংশ এবং খরচ বাড়ানোর প্রস্তাবগুলো চুলচেরা বিশ্লেষণ করা হবে।
সর্বশেষ গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। সাড়ে ৫ কেজি থেকে ৪৫ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দামও আনুপাতিক হারে বাড়ানো হয়। প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয় ১৫৩ টাকা শূন্য ৬ পয়সা।
অটোগ্যাসের দাম প্রতি লিটার ৭৩ টাকা শূন্য ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়।
৪ অক্টোবরের সিদ্ধান্ত অনুযায়ী, সাড়ে পাঁচ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ৮৪২ টাকা, ১২ কেজির দাম এক হাজার ৮৩৭ টাকা, এবং সাড়ে ১২ কেজির দাম এক হাজার ৯১৩ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া, ১৫ কেজি দুই হাজার ২৯৬ টাকা, ১৬ কেজি দুই হাজার ৪৪৯ টাকা, ১৮ কেজি দুই হাজার ৭৫৫ টাকা, এবং ২০ কেজির সিলিন্ডারের মূল্য তিন হাজার ৬১ টাকা ধার্য করা হয়।
অপেক্ষাকৃত বড় সিলিন্ডারগুলোর মধ্যে ২২ কেজি তিন হাজার ৩৬৭ টাকা, ২৫ কেজি তিন হাজার ৮২৭ টাকা, ৩০ কেজি চার হাজার ৫৯২ টাকা, ৩৩ কেজি পাঁচ হাজার ৫১ টাকা, ৩৫ কেজি পাঁচ হাজার ৩৫৭ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হয় ছয় হাজার ৮৮৮ টাকা।
