প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রিমনের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের বৈঠক
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্রিটিশ কাউন্সিলের কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে দুই পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। আলোচনাকালে ব্রিটিশ কাউন্সিলের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে জাতীয় পর্যায়ে সরকারের উন্নয়নমূলক কাজে কীভাবে সহায়তা করা যায়, সেসব বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।
বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নে (স্কিলস ডেভেলপমেন্ট) যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধি এবং দেশের পর্যটন খাতের বিকাশে ব্রিটিশ কাউন্সিল কীভাবে সহায়ক ভূমিকা পালন করতে পারে, তা নিয়েও মতবিনিময় করা হয়।
ব্রিটিশ কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের শিক্ষা ও পর্যটন খাতে অর্থবহ যৌথ কাজের দারুণ সম্ভাবনা এই আলোচনায় উঠে এসেছে, যা দেশের সার্বিক উন্নয়নে দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব ফেলবে। এই আলোচনার সূত্র ধরে ভবিষ্যতে অভিন্ন লক্ষ্য অর্জনে সরকারের সঙ্গে একযোগে কাজ করার ব্যাপারে প্রতিষ্ঠানটি গভীর আগ্রহ প্রকাশ করেছে।
