Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

জাপানের নারিতার রানওয়ে থেকে ফিরল উড়োজাহাজ

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে আবারও ত্রুটি

Advertisement

সাইফ আহমাদ

সাইফ আহমাদ

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে আবারও ত্রুটি

জাপানের নাগোয়ায় বৃহস্পতিবার টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান -পিআইডি

Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজে আবারও ত্রুটি ধরা পড়ল। বৃহস্পতিবার টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পুশব্যাকের পর ট্যাক্সি করার সময় উড়োজাহাজটির স্পয়লারে রেড সিগন্যাল দেখায়। এতে বিমানের ভেতরেই দুই ঘণ্টার বেশি অপেক্ষার পর প্রধানমন্ত্রীসহ অন্য যাত্রীদের নামিয়ে আনা হয়। সাময়িকভাবে স্থগিত করা হয় উড্ডয়ন। এ ঘটনায় বিমানের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা, নিরাপত্তা যাচাই ও দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে। কেন ভিভিআইপি ফ্লাইট ঘিরে একের পর এক যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটছে তা নিয়ে শক্ত তদন্ত দাবি করেছেন সংশ্লিষ্টরা।

গত বছর লন্ডন থেকে দেশে ফেরার ফ্লাইট বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের রক্ষণাবেক্ষণে গুরুতর অনিয়ম ও নিরাপত্তাঝুঁকির তথ্য পেয়েছিল তদন্ত কমিটি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার জাপান সফর শেষে ফেরার পথে ত্রুটি দেখা দিল প্রধানমন্ত্রীর ফ্লাইটে। এ ঘটনায় নড়েচড়ে বসেছে সরকারের উপর মহল। প্রধানমন্ত্রীর ভিভিআইপি ফ্লাইটে কারিগরি ত্রুটির বিষয়ে সরকারের শীর্ষ মহল থেকে বিমানের ঊর্ধ্বতন এক কর্মকর্তার কাছে কয়েকটি বিষয়ে তথ্য চাওয়া হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে-বিমানে কী ধরনের কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল, উড্ডয়নের আগে নির্ধারিত কারিগরি পরীক্ষায় (প্রি-ফ্লাইট চেকলিস্ট) ত্রুটি কেন শনাক্ত হয়নি এবং এ ঘটনায় বিমান কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা নেবে।

এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, প্রধানমন্ত্রীর মতো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ভিভিআইপি ব্যক্তির নিরাপত্তায় এমন শৈথিল্য স্বাভাবিক ঘটনা নয়। এ ধরনের ঘটনা শুধু যান্ত্রিক ত্রুটির বিষয় নয়। উড্ডয়নের আগে কারিগরি পরীক্ষা যথাযথভাবে করা হয়েছিল কিনা বা আগের ত্রুটি থেকে শিক্ষা নেওয়া হয়েছিল কিনা এবং সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা জরুরি।

বিমানের পরিচালনা কমিটির সাবেক সদস্য কাজী ওয়াহিদুল আলম যুগান্তরকে বলেন, প্রধানমন্ত্রীর ভিভিআইপি ফ্লাইটের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ ধরনের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে না দেখে পুরো রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করা উচিত। উড্ডয়নের আগে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা যথাযথভাবে সম্পন্ন হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে হবে। এই ফ্লাইটের প্রকৌশলী কে ছিলেন সেটিও দেখতে হবে। তিনি কেন কারিগরি ত্রুটি জেনেও ছাড়পত্র দিলেন কীভাবে- সেটিও খতিয়ে দেখা দরকার। একই সঙ্গে আগের তদন্তে উঠে আসা অনিয়মের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা যাচাই করা প্রয়োজন। দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

প্রাপ্ত তথ্যমতে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে নারিতা থেকে ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীকে বহনকারী বিজি-৩৭৭ ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল। বোর্ডিং শেষে উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। পরে রানওয়ের দিকে ট্যাক্সি করার সময় ককপিটে স্পয়লার-সংক্রান্ত ত্রুটির সংকেত (রেড সিগন্যাল) দেখা যায়। নিরাপত্তার স্বার্থে উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন পাইলট ক্যাপ্টেন ইমামুল। নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট ছাড়তে দেরি হওয়ার কথা জানান পাইলট। এজন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। পরে উড়োজাহাজটিকে টারমাকে ফিরিয়ে নেওয়া হয়। ত্রুটি মেরামতে দীর্ঘ সময় লাগায় প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধিদলের সদস্যরা উড়োজাহাজ থেকে নেমে যান। অন্য যাত্রীদেরও অপেক্ষার জন্য বিমানবন্দরের লাউঞ্জে নেওয়া হয়। সূত্রমতে, ফ্লাইটটির কারিগরি পরীক্ষা করে উড্ডয়ন উপযোগী হওয়ার ছাড়পত্র দিয়েছিলেন বিমানের প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম ভূঁইয়া। যদিও প্রধানমন্ত্রীর জাপান সফরের ভিভিআইপি ফ্লাইটে দায়িত্বপ্রাপ্ত সাদেকুলকে নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। বিমানের অভ্যন্তরীণ দায়িত্বপত্র অনুযায়ী, বিজি-৩৭৬ ও বিজি-৩৭৭ ফ্লাইটের জন্য মনোনীত প্রকৌশলীদের তালিকায় ছিলেন সাদেকুল। তিনি ২০১৪ সালে মিসরীয় উড়োজাহাজ সংস্থা ইজিপ্ট এয়ার থেকে দুটি উড়োজাহাজ লিজ নেওয়া সংক্রান্ত দুর্নীতি মামলার আসামি। মামলাটি বর্তমানে বিচারাধীন। এ অবস্থায় প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তির ভিভিআইপি ফ্লাইটে তাকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে কী ধরনের যাচাই করা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠে। বিশেষ করে, সাদেকুলের বিরুদ্ধে কোনো প্রশাসনিক বিধিনিষেধ ছিল কিনা এবং তাকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে কী মানদণ্ড অনুসরণ করা হয়েছিল-তা স্পষ্ট হওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিমানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বলেন, প্রধানমন্ত্রীর ফ্লাইটের উড্ডয়ন উপযোগিতার ছাড়পত্র দেওয়ার সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনতে হবে। অন্যথায়, ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের ভূমিকা আড়ালেই থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম যুগান্তরকে বলেন, প্রধানমন্ত্রীর ভিভিআইপি ফ্লাইটের সঙ্গে জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রের ভাবমূর্তি জড়িত।

এ ধরনের দায়িত্ব দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগ্যতা, অতীত কর্মকাণ্ড ও নিরাপত্তাসংক্রান্ত বিষয় যথাযথভাবে যাচাই করা জরুরি ছিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ ত্রুটির বিষয়টি স্বীকার করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বৃহস্পতিবার জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির যাত্রা বিলম্বিত হয়।

৪ ঘণ্টা ৩৫ মিনিট বিলম্বে ছাড়ল ফ্লাইট : এদিকে, উড়োজাহাজটির যান্ত্রিক ত্রুটি সারিয়ে উড্ডয়ন উপযোগী করতে ৪ ঘণ্টা ৩৫ মিনিট লেগে যায় বলে জানা গেছে। এরপর স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে উড়োজাহাজটি নারিতা বিমানবন্দর ছেড়ে আসে। রাত আনুমানিক ২টায় হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণের কথা রয়েছে।

আগের তদন্তে উঠে আসে গুরুতর অনিয়ম : গত বছরের ২৫ ডিসেম্বর লন্ডন থেকে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজে। ওই উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিয়ে পরে গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদনে একাধিক অনিয়মের তথ্য উঠে আসে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-প্রধান প্রকৌশলী (বেস মেইনটেন্যান্স) মো. মনসুরুল আলমের নেতৃত্বাধীন কমিটির প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটিতে ৯ ও ১৭ ডিসেম্বরের রক্ষণাবেক্ষণ কার্যক্রমে একাধিক অনিয়ম পাওয়া গেছে। ১০ ডিসেম্বরের রক্ষণাবেক্ষণ কাজ মাত্র দুই থেকে আড়াই ঘণ্টায় শেষ করা হয়েছিল, যা উড়োজাহাজটির জন্য অস্বাভাবিকভাবে কম সময় বলে উল্লেখ করে কমিটি। প্রতিবেদনে ত্রুটি নির্ণয় ও কার্যকারিতা পরীক্ষার বিস্তারিত লগ এবং সংশ্লিষ্ট জনবলের রেকর্ড উপস্থাপন করতে না পারার বিষয়টিও গুরুতর অনিয়ম হিসাবে চিহ্নিত করা হয়। ১৫ দিনের ব্যবধানে একই যান্ত্রিক ত্রুটি তিনবার দেখা দিলেও সেটিকে পুনরাবৃত্তিমূলক ত্রুটি হিসাবে চিহ্নিত করা হয়নি। উড়োজাহাজের সিস্টেমে সাধারণত শেষ ২৭টি ফ্লাইটের তথ্য সংরক্ষিত থাকার কথা থাকলেও তদন্ত শুরুর সময় পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। আরও উদ্বেগজনক বিষয় হলো, ২১ ডিসেম্বর লন্ডন থেকে সিলেটগামী বিজি-২০২ ফ্লাইট আকাশে থাকা অবস্থায় আবারও বিকল হয় ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি স্টার্টার জেনারেটর (ভিএফএসজি)। তদন্ত কমিটির প্রতিবেদনে এ ধরনের ত্রুটির কারণে অগ্নিকাণ্ড কিংবা গিয়ারবক্সের বড় ধরনের ক্ষতির ঝুঁকির কথা উল্লেখ করা হয়। কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, ত্রুটি নির্ণয় ও যথাযথ যাচাই-বাছাইয়ের ঘাটতি থাকা সত্ত্বেও উড়োজাহাজটি ভিভিআইপি ফ্লাইটে ব্যবহার করা হয়েছিল। বারবার যন্ত্রাংশ প্রতিস্থাপন, অন্য উড়োজাহাজ থেকে যন্ত্রাংশ খুলে আনা, অতিরিক্ত জনবল নিয়োগ ও পরিবহণ ব্যয় মিলিয়ে রাষ্ট্রের প্রায় ২৬ কোটি টাকার আর্থিক ক্ষতির তথ্যও প্রতিবেদনে উঠে আসে।

কমিটি ঘটনাটিকে একটি যন্ত্রাংশের ত্রুটির মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যবস্থাপনাগত সমন্বয়হীনতা হিসাবে মূল্যায়ন করে। সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণ ও জবাবদিহি নিশ্চিত করার সুপারিশও করা হয়। সে সময় এ বিষয়ে গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুজ্জামান খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। ইতোমধ্যে তাকে চট্টগ্রামে বদলিও করা হয়েছে। যদিও ২১ জুন ঢাকা থেকে কুয়ালালামপুরগামী ভিভিআইপি ফ্লাইট বিজি-৩৮৬-এ সাইফুজ্জামান সফর করবেন।

পরদিন কুয়ালালামপুর থেকে চীনের ডালিয়ানগামী ভিভিআইপি ফ্লাইট বিজি-১৬০১-এর কারিগরি দায়িত্বও তার ওপর ন্যস্ত করা হয়েছিল। যা নিয়ে সে সময় আলোচনার ঝড় উঠে। আগের তদন্তে রক্ষণাবেক্ষণ, ত্রুটির নথি সংরক্ষণ ও প্রকৌশল বিভাগের সমন্বয় নিয়ে প্রশ্ন উঠেছে। এবার প্রধানমন্ত্রীর ফেরার ফ্লাইটে উড্ডয়নের ঠিক আগে নতুন ত্রুটি ধরা পড়ল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী

টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী

ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান

ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান

দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন

হত্যার অভিযোগ তুরাগে ভাসছিল তাহসিফের লাশ

তুরাগে ভাসছিল তাহসিফের লাশ

মোবাইল ফোনে শেষ বার্তা মা আমি আসছি...

মা আমি আসছি...

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিপুল ভোটে জিতলেন বিএনপির প্রার্থী ফয়সল

বিপুল ভোটে জিতলেন বিএনপির প্রার্থী ফয়সল

জাপানের নারিতার রানওয়ে থেকে ফিরল উড়োজাহাজ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে আবারও ত্রুটি

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে আবারও ত্রুটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম