মোবাইল ফোনে শেষ বার্তা
মা আমি আসছি...
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
তাহসিফ সাউরি
|
ফলো করুন |
|
|---|---|
বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির অকালমৃত্যু মেনে নিতে পারছেন না শুভাকাঙ্ক্ষী ও পরিবারের সদস্যরা। তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। মঙ্গলবার মধ্যরাত থেকে তাহসিফ নিখোঁজ ছিলেন। ওইদিন রাত ১টা ৩৫ মিনিটের দিকে মায়ের মোবাইল ফোনে তিনি একটা বার্তা পাঠান। তিনি জানান, মা আমি আসছি ...। কিন্তু ওই বার্তায় তাকে ব্যস্ত মনে হয়েছিল বলে জানান তার বাবা এনায়েতুল করিম। উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘করবী’ ভবনের সামনে এনায়েতুল করিম সাংবাদিকদের বলেন, বিমানবাহিনী থেকে তাহসিফের চাকরি যাওয়ার কারণ হিসাবে ‘শৃঙ্খলাজনিত’ বলা হয়েছিল। এরপর তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং নেত্র নিউজে কাজ করেন। তিনি বলেন, তাহসিফ ছিল অত্যন্ত জেন্টল প্রকৃতির ও সামাজিক। সিনিয়র-জুনিয়র সবার সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল।
এনায়েতুল করিম আরও বলেন, মঙ্গলবার দিনভর মায়ের সঙ্গে তাহসিফ কেনাকাটা করে। আমার জন্যও কিছু শপিং করেছে। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় দ্বীপ নামে একজন তাহসিফকে ফোন করে ডেকে নিয়েছিলেন। মাকে তাহসিফ বলে, ‘দ্বীপ আসছে, ওর সঙ্গে কথা বলে আসি।’ এটা বলে সে নিচে যায়, আর ফেরেনি। এর মধ্যে ওর মা অনেকবার ফোন করেছে, কিন্তু সাড়া পায়নি। রাত ১টা ৩৫ মিনিটের দিকে তাহসিফ তার মায়ের মোবাইল ফোনে একটি বার্তা পাঠিয়ে জানায়, সে বাসায় ফিরছে। এরপর থেকে আমরা আর তার অবস্থান জানতে পারিনি। মাসখানেক আগে দুর্ঘটনায় পড়ার পর তাহসিফকে বাইক চালাতে বারণ করেছিল পরিবার। তবে ওই দিন বাইক নিয়ে তিনি বের হন। তাহসিফের পরিবারকে দ্বীপ বলেছে, তারা একসঙ্গে রাতে খাওয়া-দাওয়া করেছে। পরে তাহসিফকে তার বাসার এলাকায় রেখে সে ফিরে গেছে।
