দফাদার এখন ‘গ্রাম পুলিশপ্রধান’
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর দুটি পদের নাম পরিবর্তন করেছে সরকার। এখন থেকে ‘দফাদার’ পদের নাম হবে ‘গ্রাম পুলিশপ্রধান’ এবং ‘মহল্লাদার’ পদের নাম হবে ‘গ্রাম পুলিশ’।
এ জন্য সংশ্লিষ্ট বিধিমালা সংশোধন করেছে স্থানীয় সরকার বিভাগ। সংশোধনী অবিলম্বে কার্যকর হবে।
মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. বোরহান উদ্দীনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১ নভেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৯৬ ও ৪৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) গ্রাম পুলিশ বাহিনী গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকরির শর্তাবলি-সম্পর্কিত বিধিমালা, ২০১৫’ সংশোধন করেছে। সংশোধনী অনুযায়ী, ওই বিধিমালার সর্বত্র ব্যবহৃত ‘দফাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশপ্রধান’ এবং ‘মহল্লাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ’ প্রতিস্থাপিত হবে।
