ডেঙ্গুতে আক্রান্ত ফুয়াদ, ট্রাইব্যুনালে হাজির হতে চাইলেন সময়
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ থাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তার পক্ষে আইনজীবীরা হাজিরার জন্য সময়ের আবেদন জানালে তা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। আগামী ২৩ নভেম্বর তাকে পরবর্তী হাজিরার দিন ধার্য করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফুয়াদের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, ব্যারিস্টার সানী আব্দুল হক ও অ্যাডভোকেট মতিয়ার রহমান।
পরে ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া জানান, ফুয়াদ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ রয়েছেন। এ কারণে নির্ধারিত দিনে ট্রাইব্যুনালে হাজির হতে না পারায় তার পক্ষে সময় চাওয়া হয়। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ২৩ নভেম্বর পরবর্তী হাজিরার দিন নির্ধারণ করেছেন।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে গত ১ নভেম্বর ফুয়াদকে তলব করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তাকে ৪ নভেম্বর সশরীরে হাজির হয়ে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল।
ওই দিন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, এবি পার্টির একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ব্যারিস্টার ফুয়াদ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্য করেন। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, এখানে ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’।
প্রসিকিউটর আরও জানান, ফুয়াদের এমন বক্তব্য ট্রাইব্যুনালের নজরে আসার পর বিষয়টি স্বপ্রণোদিতভাবে আমলে নেওয়া হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে সুয়োমোটো নোটিশ জারি করে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে ৪ নভেম্বর হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
তবে অসুস্থতার কারণে নির্ধারিত দিনে হাজির হতে না পারায় আইনজীবীর মাধ্যমে সময় চেয়েছেন এবি পার্টির এই নেতা।

-6aeb146445b74.jpg)