Logo
Logo
×

Advertisement

যুক্তরাষ্ট্র

এপস্টেইনকাণ্ডে আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১০:৫৪ এএম

এপস্টেইনকাণ্ডে আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: গেটি ইমেজেস

Advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা স্থায়ীভাবে খারিজ করে দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও এর মালিক রুপার্ট মারডকের বিরুদ্ধে করা এ মামলায় ট্রাম্প মানহানির অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন বলে রায় দিয়েছেন আদালত।

স্থানীয় সময় শনিবার (৩১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের জেলা বিচারক ড্যারিন গেইলস এ রায় দেন। তিনি বলেন, মানহানির মামলা প্রমাণের জন্য প্রয়োজনীয় ‘প্রকৃত অসৎ উদ্দেশ্য’ (অ্যাকচুয়াল ম্যালিস) প্রতিষ্ঠা করতে পারেননি ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, মানহানির অভিযোগ প্রমাণ করতে হলে দেখাতে হয়, অভিযুক্ত ব্যক্তি কোনো বক্তব্য মিথ্যা জেনেও প্রকাশ করেছেন অথবা বক্তব্যের সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে বেপরোয়া অবহেলা করেছেন।

তবে ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মামলায় ট্রাম্প ‘খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা করছেন’ বলে মন্তব্য করেন বিচারক গেইলস।

রায়ের পর্যবেক্ষণে তিনি লেখেন, সংশোধিত অভিযোগপত্রে প্রকৃত অসৎ উদ্দেশ্যের বিষয়টি প্রতিষ্ঠা করা যায়নি। বরং অসৎ উদ্দেশ্যের অভিযোগগুলো অস্পষ্ট, প্রমাণহীন এবং কখনো কখনো সংবাদ প্রতিবেদনের তথ্যের সঙ্গে সাংঘর্ষিক। এসব অভিযোগের অনেকগুলোই অভিযুক্তরা প্রতিবেদনকে মিথ্যা বলে জানতেন বা জানার কথা ছিল কি না, সেই প্রশ্নের সঙ্গে সম্পর্কহীন।

এমনকি ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ত্রুটি দেখানোর জন্য ট্রাম্পের আইনজীবীরা কৃত্রিমভাবে দুর্বলতা তৈরির চেষ্টা করেছেন বলেও মন্তব্য করেন বিচারক।


জেফরি এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে এ মামলার সূত্রপাত।

২০২৫ সালের ১৭ জুলাই ওয়াল স্ট্রিট জার্নাল একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, ২০০৩ সালে এপস্টেইনের ৫০তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তার একটি সংকলন তৈরি করা হয়েছিল। সেখানে ট্রাম্পের নামে একটি যৌন ইঙ্গিতপূর্ণ জন্মদিনের বার্তা ছিল।

বিতর্কিত ব্রিটিশ সমাজকর্মী গিসলেন ম্যাক্সওয়েল ওই শুভেচ্ছাবার্তাগুলো সংগ্রহ করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এপস্টেইনের যৌন পাচার চক্রে জড়িত থাকার দায়ে বর্তমানে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন ম্যাক্সওয়েল।

ট্রাম্পের নামে প্রকাশিত ওই চিঠিতে টাইপ করা লেখার চারপাশে হাতে আঁকা এক নারীর শরীরের অবয়ব ছিল। ছবিটির নিচের দিকে, নারীর শ্রোণি অঞ্চলের কাছাকাছি স্থানে ট্রাম্পের স্বাক্ষর রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে চিঠির লেখা, স্বাক্ষর ও ছবি আঁকার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেন ট্রাম্প। পরে প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির মাধ্যমে জন্মদিনের চিঠিটির একটি অনুলিপি প্রকাশ করা হয়।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনটি এমন এক সময়ে প্রকাশিত হয়, যখন এপস্টেইনের কথিত যৌন অপরাধসংক্রান্ত নথি গোপন রাখার অভিযোগে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসন ব্যাপক সমালোচনার মুখে ছিল। স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও এসব নথি প্রকাশ না করার অভিযোগ ওঠে।

এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের ধরন নিয়েও প্রশ্ন তুলেছিলেন সমালোচকরা। দুজনকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে। রাজনীতি, শিক্ষাঙ্গন ও ব্যবসা-বাণিজ্যের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ছিল এপস্টেইনের।

২০২৫ সালে ট্রাম্প দাবি করেন, তার মার-আ-লাগো রিসোর্ট থেকে নারী কর্মীদের ‘চুরি’ করার কারণে এপস্টেইনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন তিনি।


২০০৮ সালে ফ্লোরিডায় এক অপ্রাপ্তবয়স্কের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে প্ররোচিত করার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন এপস্টেইন। এ ঘটনায় তিনি ১৩ মাস কারাভোগ করেন। ২০১৯ সালে যৌন পাচারসংক্রান্ত ফেডারেল অভিযোগে তার বিচার শুরুর আগেই নিউইয়র্কের কারাকক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে তার মৃত্যুকে আত্মহত্যা বলে ঘোষণা করা হয়।

আইনজীবীদের ধারণা, এপস্টেইনের যৌন নিপীড়নের শিকার ব্যক্তির সংখ্যা কয়েক শ।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন প্রকাশের পর সংবাদমাধ্যমটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। প্রতিবেদনটিকে ‘মিথ্যা, বিদ্বেষপূর্ণ ও মানহানিকর’ বলে অভিহিত করেন তিনি।

২০২৫ সালের ১৮ জুলাই মায়ামির ফেডারেল আদালতে মামলাটি করেন ট্রাম্প। এতে সংবাদমাধ্যমটির মালিক রুপার্ট মারডক, সংশ্লিষ্ট সাংবাদিক এবং ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে জেনেশুনে ও বেপরোয়াভাবে মিথ্যা, মানহানিকর এবং অবমাননাকর বক্তব্য প্রকাশের অভিযোগ আনা হয়।

এর ফলে ট্রাম্পের আর্থিক ও সুনামের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও মামলায় দাবি করা হয়। ওয়াল স্ট্রিট জার্নালের ওই প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট দুই সাংবাদিককেও মামলার আসামি করা হয়েছিল।

এর আগে গত এপ্রিলে বিচারক গেইলস মানহানির মামলাটি খারিজ করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, প্রতিবেদনটি প্রকৃত অসৎ উদ্দেশ্য নিয়ে প্রকাশ করা হয়েছিল, এমন প্রমাণ দিতে পারেননি ট্রাম্প। তবে নতুন করে অভিযোগপত্র দাখিলের সুযোগ দেওয়া হয়েছিল তাকে। মে মাসে সংশোধিত অভিযোগপত্র জমা দেন ট্রাম্প।

নতুন অভিযোগে বলা হয়, চিঠিটি কীভাবে সাংবাদিকদের হাতে পৌঁছেছিল এবং এর সত্যতা কীভাবে যাচাই করা হয়েছিল, তা প্রকাশ না করে ওয়াল স্ট্রিট জার্নাল বেপরোয়া আচরণ করেছে।

তবে শনিবার মায়ামির আদালতের সর্বশেষ রায়ে ট্রাম্পের সেই প্রচেষ্টার কার্যত সমাপ্তি ঘটেছে। বিচারক মামলাটি ‘খারিজ করেছেন। এর অর্থ, একই অভিযোগে ভবিষ্যতে নতুন করে মামলা করার সুযোগও বন্ধ হয়ে গেল।

ওয়াল স্ট্রিট জার্নাল ছাড়াও বিবিসি ও নিউইয়র্ক টাইমসসহ অন্যান্য সংবাদমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্পের আরও কয়েকটি মানহানির মামলা চলমান রয়েছে। সূত্র: আল জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাইন্যান্সের ক্রিপ্টো চুরির জন্য উত্তর কোরিয়া দায়ী: এফবিআই

বাইন্যান্সের ক্রিপ্টো চুরির জন্য উত্তর কোরিয়া দায়ী: এফবিআই

‘ইরানের পারমাণবিক স্থাপনায় ১০ মিনিটে হামলা করতে সক্ষম যুক্তরাষ্ট্র’

‘ইরানের পারমাণবিক স্থাপনায় ১০ মিনিটে হামলা করতে সক্ষম যুক্তরাষ্ট্র’

তাহসিফের মৃত্যু: যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা

তাহসিফের মৃত্যু: যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা

শেখ হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতির সুপারিশ

শেখ হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতির সুপারিশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, সামরিক বাহিনীকে যে কঠোর বার্তা দিলেন মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, সামরিক বাহিনীকে যে কঠোর বার্তা দিলেন মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, যা জানা দরকার

আল জাজিরার এক্সপ্লেইনার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, যা জানা দরকার

আরও পড়ুন

এপস্টেইনকাণ্ডে আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

এপস্টেইনকাণ্ডে আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

বাইন্যান্সের ক্রিপ্টো চুরির জন্য উত্তর কোরিয়া দায়ী: এফবিআই

বাইন্যান্সের ক্রিপ্টো চুরির জন্য উত্তর কোরিয়া দায়ী: এফবিআই

‘ইরানের পারমাণবিক স্থাপনায় ১০ মিনিটে হামলা করতে সক্ষম যুক্তরাষ্ট্র’

‘ইরানের পারমাণবিক স্থাপনায় ১০ মিনিটে হামলা করতে সক্ষম যুক্তরাষ্ট্র’

আল জাজিরার এক্সপ্লেইনার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, যা জানা দরকার

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, যা জানা দরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম