জমির প্রকৃত বাজারমূল্য ঠিক করতে নতুন নিয়ম
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কর ফাঁকি রোধ, কালো টাকা বা অপ্রদর্শিত সম্পদ জমানো কমানো এবং সরকারের রাজস্ব আয় বাড়ানোর জন্য জমি বা স্থাবর সম্পত্তির পুরোনো মৌজা মূল্য প্রথার অবসান ঘটিয়েছে সরকার। এর পরিবর্তে এখন থেকে জমির বাস্তব বা প্রকৃত বাজারমূল্য নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন এ নিয়মের আওতায়, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি বিশেষ কমিটি সম্পত্তির সঠিক মূল্য নির্ধারণ করবে। এ নির্ধারিত মূল্যতালিকা একটানা তিন বছর পর্যন্ত কার্যকর থাকবে।
গত বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ‘সম্পত্তির সর্বনিম্ন বাজারমূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০’-এ প্রয়োজনীয় সংশোধনী এনেছে সরকার।
‘মৌজা মূল্যের ভিত্তিতে সম্পত্তির মূল্য নির্ধারণ করা হয়’ উল্লেখ করে তিনি আরও বলেন, সাধারণত এ মূল্য প্রকৃত বাজারদরের তুলনায় অনেক কম। ফলে দুই মূল্যের মধ্যে বড় ব্যবধান তৈরি হয়।
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আরও বলেন, এ ব্যবধানের কারণে কর ফাঁকি দেওয়া এবং অপ্রদর্শিত সম্পদ গড়ে তোলার সুযোগ তৈরি হয়। নতুন পদ্ধতির লক্ষ্য রাজস্ব আদায় বাড়ানো এবং আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি জোরদার করা।
অর্থ মন্ত্রণালয়ের হিসাব বলছে, ২০২৪-২৫ অর্থবছরে জমি ও স্ট্যাম্প শুল্ক থেকে সরকারের কোষাগারে ১১ হাজার ৭৫৩ কোটি টাকা রাজস্ব জমা হয়েছে। সম্প্রতি সংশোধিত বিধিমালা থেকে ‘সর্বনিম্ন’ শব্দটি ছেঁটে ফেলা হয়েছে। এর ফলে দায়িত্বপ্রাপ্ত কমিটিগুলোকে এখন থেকে আর ন্যূনতম দর নয়, বরং সম্পত্তির আসল বা প্রকৃত বাজারমূল্য নির্ধারণ করতে হবে।
এ বিশাল কর্মযজ্ঞ পরিচালনার জন্য তিন স্তরে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। সিটি করপোরেশনভুক্ত এলাকার জমির দাম ঠিক করবে বিভাগীয় কমিটি, যার সভাপতির দায়িত্বে থাকবেন বিভাগীয় কমিশনার।
অন্যদিকে, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জমির মূল্য নির্ধারণের দায়িত্ব থাকবে জেলা কমিটির ওপর। এই কমিটির নেতৃত্ব দেবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি)। এছাড়া এসব এলাকার বাইরের অন্যান্য স্থানের জমির দাম নির্ধারণ করবে উপজেলা কমিটি, যেখানে সভাপতি হিসেবে থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
প্রতিটি কমিটিতে প্রশাসন, গণপূর্ত, স্থানীয় সরকার, ভূমি, কর এবং সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধিরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।
জমির ধরন, ব্যবহার, অবস্থান, যাতায়াত বা সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং আশপাশের অন্যান্য অবকাঠামোগত সুবিধা খতিয়ে দেখেই কমিটিগুলো সম্পত্তির এই নতুন মূল্য নির্ধারণ করবে।
এমদাদুল হক চৌধুরী বলেন, প্রযুক্তিনির্ভর পূর্ণাঙ্গ মূল্যায়ন ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত কমিটির মাধ্যমে মূল্য নির্ধারণের এ পদ্ধতি অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে কাজ করবে।
তিনি বলেন, ‘আমরা এখন বাজারভিত্তিক মূল্য নির্ধারণের দিকে এগোচ্ছি।’
জমির পরিমাপ ও মালিকানা-সংক্রান্ত তথ্য, জমির দাম এবং কোনো এলাকার উন্নয়নের মাত্রাসহ বিভিন্ন সূচক ব্যবহার করে স্বয়ংক্রিয় অনলাইন ব্যবস্থা গড়ে তুলতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে কাজ করছে সরকার।
এমদাদুল বলেন, এসব বিষয় বিবেচনায় নিয়ে একটি অনলাইন ব্যবস্থা তৈরি করা হবে। এটা অনেকটা সূত্রভিত্তিক হবে। নির্দিষ্ট কিছু মানদণ্ডের ভিত্তিতে সম্পত্তির বাজারমূল্য নির্ধারিত হবে।’ ব্যবস্থাটি তৈরি করতে এক থেকে দেড় বছর লাগতে পারে। এতে নিয়মিত তথ্য হালনাগাদ করা হবে।
তিনি বলেন, তবে প্রকৃত সমাধান এ অন্তর্বর্তী ব্যবস্থার মাধ্যমে আসবে না। নতুন মূল্যায়ন ব্যবস্থা তৈরি করতে আমাদের আরও এক থেকে দেড় বছর অপেক্ষা করতে হবে। শেষ পর্যন্ত নতুন ব্যবস্থাটিই বর্তমান পদ্ধতির জায়গা নেবে। সবশেষে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিনির্ভর ব্যবস্থাটিই হবে প্রকৃত সমাধান।

