৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মো. ওসমান ফারুকের পদত্যাগের ফলে এ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। ইসি মাছউদ বলেন, ‘আইনের বাধ্যবাধকতা আছে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করার। আমরা ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন আয়োজন করব।’
স্থানীয় সরকার নির্বাচনে এ উপনির্বাচন প্রভাব ফেলবে কি না জানতে চাইলে ইসি মাছউদ বলেন, ‘না, প্রভাব ফেলব না। এমন হতে পারে ওখানে ইউনিয়ন পরিষদের নির্বাচন আমরা নাও করতে পারি। আবার যদি দুটো একসঙ্গে করা যাবে কি না তাও আমরা পর্যালোচনা করে দেখব।’
এর আগে কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসন শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ অধিবেশন শুরুর পর তিনি এই ঘোষণা দেন।
মঙ্গলবার সংসদ অধিবেশনে স্পিকার জানান, গত ১৪ নভেম্বর ওসমান ফারুক পদত্যাগ করেছেন। এ সময় তিনি আরও জানান, বিধি অনুযায়ী, এ আসনটি শূন্য হয়েছে ১৫ নভেম্বর থেকে।
জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসনটি শূন্য হওয়ার বিষয়টি সংসদকে জানানো হয়েছে বলেও ঘোষণা দেন স্পিকার।
সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী, কোনো সংসদ সদস্য স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্র দিয়ে পদত্যাগ করতে পারেন। স্পিকার ওই পত্র পাওয়ার সময় থেকেই সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়।
ওসমান ফারুক সাবেক আমলা। তিনি বিশ্বব্যাংকেও বড় পদে চাকরি করেছেন। তার দক্ষতার প্রশংসা রয়েছে সব মহলে। দীর্ঘ আট বছর যুক্তরাষ্ট্রে থাকার পর ২০২৪ সালের অক্টোবরে দেশে ফিরে আবার সক্রিয় রাজনীতিতে যুক্ত হন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করতে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্য ছিলেন ওসমান ফারুক।
গত ১ জুলাই জাতীয় সংসদে ‘ককাস অব আমেরিকা ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ নামে একটি ১০ সদস্যের বহুদলীয় সংসদীয় ককাস গঠন করা হয়। ওই কমিটির সভাপতি ছিলেন ওসমান ফারুক। তার বয়স ৮৬ বছর।

