শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়েছিলেন মুফতি রুহুল আমিন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পিএম
বুধবার সন্ধ্যায় রাজধানীর ভাটারা এলাকা থেকে মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
|
ফলো করুন |
|
|---|---|
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার সন্ধ্যায় রাজধানীর ভাটারা এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।
২০১৮ সালের ৪ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদ্রাসাভিত্তিক আলেম-ওলামাদের সমাবেশে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন মাওলানা মুফতি রুহুল আমিন।
কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিয়ে সংসদে আইন পাস হওয়ায় আয়োজিত ‘শোকরানা মাহফিলে’ এ উপাধি দিয়েছিলেন তিনি।
মুফতি রুহুল আমিন সেদিন বলেছিলেন, ‘এই ১৪ লাখ শিক্ষার্থীর জননীর ভূমিকা আপনি পালন করেছেন। আজকে আমি এই মহা কওমি সমুদ্রে ঘোষণা করতে চাই—কওমি জননী এই উপাধি দিলাম। আপনি কওমি জননী। আপনার এই মাতৃত্বে ভূমিকা, মায়ের ভূমিকা না থাকলে এই দেশের বিরোধী যারা আছে, সাহাবাদের শত্রু, বাংলাদেশের শত্রু এই জামায়াত-মওদুদিবাদীরা এ দেশে হতে দিত না।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে মুফতি রুহুল আমিন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বলেও জানা যায়।
বায়তুল মোকাররমের খতিবের পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
মুফতি রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ৫ আগস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মাওলানা মুফতি রুহুল আমিন।
এর প্রায় ৬ সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে মসজিদে গেলে খুতবা চলাকালীন মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে তার অনুসারী এবং উপস্থিত মুসল্লি ও অপর পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন আহত হন এবং মসজিদের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়।
মসজিদে সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনার দুইদিন পর ২২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব পদ থেকে অপসারণ করা হয়।
মুফতি রুহুল আমিন গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার অধ্যক্ষ। তিনি সরকার স্বীকৃত কওমি মাদরাসার সবোর্চ্চ নিয়ন্ত্রক সংস্থা আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়ার সদস্য। এ ছাড়া তিনি কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গার চেয়ারম্যান।

