হাসিনার বাংলাদেশে ফিরে আসার সাহস নেই: আখতার হোসেন
যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পিএম
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আখতার হোসেন
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার যে কথা বলছেন, তা আসলে পাগলের প্রলাপ। শেখ হাসিনার নিজে আসার প্রশ্ন নয়, বরং চুক্তির মধ্য দিয়ে তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার যে শাস্তি রয়েছে, তা কার্যকর করার দায়িত্ব বর্তমান সরকারের। শেখ হাসিনার বাংলাদেশে চলে আসার সাহস নেই। তিনি এখন পর্যন্ত নিজের চেহারাও প্রকাশ করতে পারেন না। যদি বাংলাদেশকে নানাভাবে অস্থির করার চক্রান্ত করা হয়, তবে দেশের জনগণ অবশ্যই তা প্রতিহত করবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আখতার হোসেন এসব কথা বলেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী সংগঠন। তারা যখন ক্ষমতায় থাকে তখন ফ্যাসিবাদ কায়েম করে, আর ক্ষমতার বাইরে গেলে নাশকতাবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ করে। চব্বিশের গণ-অভ্যুত্থানের আগে ক্ষমতায় থাকাকালীন তারা আয়নাঘর প্রতিষ্ঠা করে দেশের মানুষকে গুম করে নির্যাতন ও গণহত্যা চালিয়েছে। চব্বিশের পরেও তারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশে নাশকতা করার চেষ্টা করছে।
লন্ডনে সফররত এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের চিফ হুইপ নাহিদ ইসলামের ওপর হামলার চেষ্টার ঘটনায় আখতার হোসেন বলেন, সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের যেসব সন্ত্রাসী রয়েছে, তারা নাহিদ ইসলামকে আক্রমণ করতে চেয়েছিল। তবে প্রবাসী বাংলাদেশি ও এনসিপি নেতাকর্মীদের নিরাপত্তার কারণে তারা নাহিদের ওপর কোনো আক্রমণ করতে পারেনি। একজন সংসদ সদস্য ও চিফ হুইপের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার যেন যোগাযোগ করে তার নিরাপত্তা নিশ্চিত করেন এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়—সরকারের কাছে আমরা সেই আহ্বান জানাই।
এ সময় টাঙ্গাইল জেলা এনসিপির আহ্বায়ক কামরুজ্জামান শাওন ও সদস্য সচিব মাসুদুর রহমান রাসেলসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
