নজরুল ইসলাম খান
যারা দেশের সম্পদ নষ্ট করতে চায়, তাদের সঙ্গে আপস হতে পারে না
যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫০ পিএম
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান
|
ফলো করুন |
|
|---|---|
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেছেন, দেশে বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম বড় উৎস তৈরি পোশাক (গার্মেন্টস) কারখানা বন্ধ করে দিয়ে অর্থনীতির ক্ষতি করা হচ্ছে। বারবার প্রমাণ পাওয়া যাচ্ছে, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। যারা নিজেদের হীন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য দেশের সম্পদ নষ্ট করতে চায়, তাদের সঙ্গে কোনো আপস হতে পারে না।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে এসে বলতে চাই, আমরা যদি তাকে সত্যিকার অর্থে মানুষের নেতা মনে করি, তাহলে তার আদর্শ অনুসরণ করতে হবে। মওলানা ভাসানী সমর্থন করেছিলেন বলেই আজও বিএনপির নির্বাচনি প্রতীক ধানের শীষ। তৎকালীন সময়ে নির্বাচন কমিশনে আটটি দল ধানের শীষ প্রতীকের জন্য আবেদন করেছিল। নির্বাচন কমিশন এ নিয়ে বিভিন্ন সভা করে শেষ পর্যন্ত নানা যুক্তিতর্কের আলোকে বিএনপিকেই প্রতীকটি দিয়েছিল; কারণ ভাসানীর মূল স্রোতের বেশির ভাগ অনুসারী বিএনপিকে সমর্থন করেছিলেন।
চলমান অস্থিরতা প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য জনগণের কল্যাণের বিরুদ্ধে কাজ করে, তাদের সঙ্গে কোনো আপস হতে পারে না। তারা নানাভাবে উসকানি দেওয়ার চেষ্টা করছে, যাতে ঘোলা পানিতে কেউ মাছ শিকার করতে পারে। আমাদের শক্তি, ঐক্য, সংহতি ও সম্মিলিত প্রচেষ্টা দিয়ে তা মোকাবিলা করতে হবে। এ ঐক্যকে ভয় পায় বলেই তারা দেশ থেকে পালিয়ে গেছে। নৈতিকভাবে তারা দুর্বল; কারণ তারা অপরাধী, দুর্নীতি করেছে এবং দেশের সম্পদ পাচার করেছে। তাদের মনে কোনো সৎ সাহস নেই।
পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি ন্যায়সংগত। সেজন্য সরকারের পক্ষ থেকে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং সেখানে শ্রমিকদের প্রতিনিধিও রাখা হয়েছে। ফলে এখন আর আন্দোলনের কোনো প্রয়োজন বা যৌক্তিকতা নেই। এরপরও যদি শুধু মিছিল বা স্লোগান হতো, তবে বোঝা যেত বেতন বৃদ্ধির জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। কিন্তু তা না করে কারখানা বন্ধ ও ভাঙচুর করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন—বিএনপির ভাইস চেয়ারম্যান ও মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু এমপি, জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সোহরাব এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির।
সভায় স্বাগত বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। এর আগে নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রধানমন্ত্রী ও বিএনপির পক্ষ থেকে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
