|
ফলো করুন |
|
|---|---|
সুখবর পেয়েছেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। তাকে ওই পদে পুনর্বহাল করা হয়েছে।
বহিষ্কারাদেশের প্রায় ১০ মাস পর তার আবেদন বিবেচনায় নিয়ে এ আদেশ প্রত্যাহার করেছে দলটি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের জন্য গত ২১ জানুয়ারি মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে দলীয় স্বপদে অর্থাৎ নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল করা হলো। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
মঙ্গলবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভেরিফায়েড ফেসবুক পেজেও চিঠিটি প্রকাশ করা হয়।
চিঠি হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সন্ধ্যায় মোবাইল ফোনে মনিরুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। কলেজ, পৌর, থানা ও জেলা পর্যায়ে নেতৃত্ব দিয়েছি। দুবার জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি এবং সদর উপজেলার নির্বাচিত চেয়ারম্যান ছিলাম। এ বছর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে প্রথমে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। পরে দল সিদ্ধান্ত পরিবর্তন করে। ওই সময় দলীয় সিদ্ধান্ত না মেনে আমি ভুল করেছিলাম। আগামীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সংগঠনকে আরও শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাব।
