ব্যাংকে কমছে পারিবারিক প্রভাব, ৬ বছরের বেশি পরিচালক নয়
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পিএম
ছবি: যুগান্তর গ্রাফিক
|
ফলো করুন |
|
|---|---|
ব্যাংকের পরিচালনা পর্ষদে পারিবারিক আধিপত্য ও রাজনৈতিক প্রভাব কমাতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ব্যাংক কোম্পানি আইন সংশোধনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে ব্যাংকের পরিচালকদের একটানা দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করার কথা বলা হয়েছে। একই সঙ্গে একটি পরিবার থেকে সর্বোচ্চ দুজনকে পরিচালক পদে রাখার প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের নিয়োগের সুযোগ বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়ানো হচ্ছে স্বতন্ত্র পরিচালকের সংখ্যাও। ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করতেই এসব পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের খসড়া তৈরি করেছে। বাংলাদেশ ব্যাংকের সুপারিশের ভিত্তিতে প্রস্তুত করা খসড়াটি অর্থমন্ত্রীর অনুমোদনের পর মন্ত্রিসভায় পাঠানোর কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহেই খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর পরিকল্পনা রয়েছে।
প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি একটানা ছয় বছরের বেশি একই ব্যাংকের পরিচালক থাকতে পারবেন না। ছয় বছর দায়িত্ব পালনের পর পুনরায় পরিচালক হতে চাইলে তাঁকে তিন বছর বিরতিতে থাকতে হবে।
বর্তমানে একজন পরিচালক সর্বোচ্চ ১২ বছর একই ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকার সুযোগ পান। ২০১৮ সালের আগে এ মেয়াদ ছিল ছয় বছর। ওই বছর আইন সংশোধন করে তা বাড়িয়ে নয় বছর করা হয়। পরে ২০২৩ সালে আরেক দফা সংশোধনের মাধ্যমে পরিচালকদের দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ১২ বছর করা হয়েছিল।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার জানিয়েছেন, পরিচালকদের মেয়াদ নয় বছর করার প্রস্তাব দিয়েছিলেন তাঁরা। তবে ছয় বছর নির্ধারণের সিদ্ধান্তও তারা মেনে নিয়েছেন।
ব্যাংকের পরিচালনা পর্ষদে একই পরিবারের সদস্যদের প্রভাব কমাতে তাদের সংখ্যা সীমিত করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে একটি পরিবার থেকে সর্বোচ্চ তিনজন একই ব্যাংকের পরিচালক থাকতে পারেন। নতুন খসড়ায় এ সংখ্যা কমিয়ে দুজন করার কথা বলা হয়েছে।
একই পরিবারের নিয়ন্ত্রণাধীন বা স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি পরিচালক নিয়োগের ক্ষেত্রেও সীমা কমানোর প্রস্তাব রয়েছে। বর্তমানে এ ধরনের প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ দুজন প্রতিনিধি পরিচালক থাকতে পারলেও নতুন নিয়মে তা কমিয়ে একজন করার কথা বলা হয়েছে।
এর আগে বিভিন্ন শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাংকের মালিকানা ও পরিচালনায় পারিবারিক প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছিল। বিশেষ করে একই পরিবারের একাধিক সদস্যের মাধ্যমে ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়টি আলোচনায় আসে। নতুন প্রস্তাবের মাধ্যমে এ ধরনের প্রভাব সীমিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাবও রয়েছে। সর্বোচ্চ ২০ সদস্যের পর্ষদে বর্তমানে অন্তত তিনজন স্বতন্ত্র পরিচালক রাখার বিধান রয়েছে। নতুন প্রস্তাবে তা বাড়িয়ে চারজন করার কথা বলা হয়েছে। আর ২০ জনের কম সদস্যের পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা দুজন থেকে বাড়িয়ে তিনজন করার প্রস্তাব রয়েছে।
স্বতন্ত্র পরিচালক নিয়োগের যোগ্যতার ক্ষেত্রেও কঠোরতা আনা হচ্ছে। প্রস্তাব অনুযায়ী, নিয়োগের আগের অন্তত তিন বছর সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংক বা ব্যাংকসংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ স্বার্থের সম্পর্ক থাকা যাবে না।
ব্যাংক পরিচালনায় রাজনৈতিক প্রভাব কমাতে নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এতে মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদার ব্যক্তি, সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কিংবা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগের অযোগ্য ঘোষণার কথা বলা হয়েছে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান আবদুল হাই সরকার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, পরিচালনা পর্ষদ থেকে রাজনৈতিক ব্যক্তিদের দূরে থাকাই ভালো বলে তিনি মনে করেন।
ব্যাংকের মালিকানায় কৌশলগত বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে শেয়ার ধারণের সীমা শিথিল করার প্রস্তাব রয়েছে। বর্তমানে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা একই পরিবারের সদস্যরা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার অধিগ্রহণ করতে পারেন না।
নতুন প্রস্তাবে ব্যাংকিং খাতের স্বার্থ বিবেচনায় কৌশলগত বিনিয়োগকারীদের ক্ষেত্রে এই সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়ার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে বিনিয়োগকারীদের যোগ্যতা, উপযুক্ততা ও প্রয়োজনীয় শর্ত নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক।
পরিচালক পদ হারানোর পরও ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধের বাধ্যবাধকতা থাকবে। প্রস্তাবিত সংশোধনীতে বলা হয়েছে, কোনো পরিচালকের পদ শূন্য হলে সংশ্লিষ্ট ব্যাংক থেকে নেওয়া ঋণ বা অগ্রিমের সম্পূর্ণ বকেয়া পরিশোধ করতে হবে। পুনঃতফসিল কিংবা অন্য কোনো উপায়ে ঋণ নিয়মিত করার সুযোগ না রাখার প্রস্তাব রয়েছে।
এ ছাড়া কোনো পরিচালক টানা তিন মাসের বেশি পর্ষদ সভায় অনুপস্থিত থাকার ছুটি নিতে পারবেন না। বছরে একবারের বেশি এ ধরনের ছুটি নেওয়ার সুযোগও থাকবে না।
প্রস্তাবিত আইনে ব্যাংকের পরিচালনা পর্ষদের ওপর বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ বাড়ানোর কথা বলা হয়েছে। কোনো পর্ষদ আমানতকারীদের স্বার্থের পরিপন্থী কাজ করলে কেন্দ্রীয় ব্যাংক তা বাতিল করে নতুন পর্ষদ গঠন করতে পারবে। নতুন পর্ষদের মেয়াদ সর্বোচ্চ তিন বছর রাখার প্রস্তাব রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর আইন সংশোধনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখেছেন। তবে তার মতে, স্বতন্ত্র পরিচালকের সংখ্যা পর্ষদের ৫০ শতাংশ করা উচিত। পাশাপাশি দেশি-বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ব্যাংকের শেয়ার কেনার সুযোগ আরও বাড়ানো প্রয়োজন।
তবে প্রস্তাবিত পরিবর্তনগুলো এখনো চূড়ান্ত আইন হিসেবে কার্যকর হয়নি। মন্ত্রিসভার অনুমোদন ও পরবর্তী আইন প্রণয়নের প্রক্রিয়া শেষ হওয়ার পরই এসব বিধান কার্যকর হবে।

