নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন যুগান্তরের শাহেদ সিদ্দিকী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিদ্যুৎ ও জ্বালানি খাতে ধারাবাহিক ও অনুসন্ধানী প্রতিবেদনের স্বীকৃতিস্বরূপ ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং-২০২৬’ অ্যাওয়ার্ড অর্জন করেছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি শাহেদ সিদ্দিকী। এবার বিদ্যুৎ খাতের নানা অনিয়ম ও সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেদন করার জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
ডিআরইউ থেকে এটি শাহেদ সিদ্দিকীর চতুর্থ পুরস্কার। এর আগে ২০০২, ২০০৫ এবং ২০১৫ সালে বেস্ট রিপোর্টিংয়ের জন্য তিনি ডিআরইউ অ্যাওয়ার্ড পেয়েছিলেন।
এর মধ্যে ২০০২ সালে তিতাসের ওপর অনুসন্ধানী রিপোর্টের জন্য, ২০০৫ সালে ব্যাংকিং সেক্টরের বিভিন্ন জালিয়াতি নিয়ে অনুসন্ধানের জন্য এবং ২০১৫ সালে টেলিকম খাতে সিম নিবন্ধনসংক্রান্ত জালিয়াতির অনুসন্ধানের জন্য তিনি পুরস্কৃত হন।
ডিআরইউ অ্যাওয়ার্ড ছাড়াও জ্বালানি ও বিদ্যুৎ খাতে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বিভিন্ন সম্মাননা পেয়েছেন। এর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের বেস্ট রিপোর্টার হিসেবে ২০১৫ সালে, ২০১৬ সালে রবির সম্মাননা এবং ২০২৪ সালে গ্রিন এনার্জিতে অবদান রাখার জন্য পুরস্কৃত হন।
১৯৯৫ সালে সাংবাদিকতা শুরু করেন শাহেদ সিদ্দিকী। ২০০১ সাল থেকে তিনি জ্বালানি বিষয়ে রিপোর্টিং শুরু করেন এবং দীর্ঘ ২৫ বছর ধরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কাজ করে আসছেন।
মঙ্গলবার বিকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের পৃষ্ঠপোষকতায় এই আয়োজনে সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইনের মোট ২৬টি ক্যাটাগরিতে সেরা ২২ জন সাংবাদিককে সম্মাননা জানানো হয়। প্রতি বিজয়ী ক্রেস্ট, সনদ ও ৫০ হাজার টাকা করে অর্থ পুরস্কার পেয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন নগদ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়সার এ. চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংক থেকে নগদে নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ।
এছাড়া ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাঈনুল হাসান সোহেল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশের ১০ জন জ্যেষ্ঠ সাংবাদিকের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল প্রতিবেদনগুলো যাচাই-বাছাই করে বিজয়ীদের নির্বাচন করেন।
পুরস্কার পেলেন যারা: পুরস্কারপ্রাপ্তদের মধ্যে প্রিন্ট ও অনলাইন ক্যাটাগরিতে মুক্তিযুদ্ধ, ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য ক্যাটাগরিতে ফয়সাল খান (দৈনিক দেশ রূপান্তর), শিক্ষায় দিলীপ কুমার শর্মা (দৈনিক আজকের পত্রিকা), স্বাস্থ্যে সাজিদা ইসলাম পারুল (বাংলানিউজ২৪.কম), বিদ্যুৎ ও জ্বালানিতে মোহাম্মদ শাহেদ সিদ্দিকী (দৈনিক যুগান্তর), আর্থিক খাতে শাখাওয়াত হোসেন সুমন (ডেইলি সান), অপরাধ ও আইনশৃঙ্খলায় মো. তুহিদুজ্জামান তন্ময় (জাগোনিউজ২৪.কম), আর্থিক অন্তর্ভুক্তি ও আইসিটিতে মিজান চৌধুরী (দৈনিক আগামীর সময়), নারী, শিশু ও মানবাধিকারে নাজনীন আখতার (প্রথম আলো), রাজনীতি, প্রশাসন, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনে দীপন নন্দী (দ্য ডেইলি স্টার)।
এছাড়াও খেলাধুলায় মো. জুবায়ের হোসেন (ঢাকাপোস্ট.কম), কৃষি ও পরিবেশে ওয়াসিম বিন হাবিব (দ্য ডেইলি স্টার), সুশাসন ও দুর্নীতি (অনুসন্ধানী) ক্যাটাগরিতে এফ এম আবদুর রহমান মাসুম (ঢাকাপোস্ট.কম), নগর সমস্যা ও সম্ভাবনায় মোহাম্মদ হেলেমুল আলম (দ্য ডেইলি স্টার), পররাষ্ট্র বিষয়ে গোলাম মওলা (বাংলা ট্রিবিউন) এবং সামষ্টিক অর্থনীতিতে শাহ আলম খান (দৈনিক আজকের পত্রিকা) পুরস্কার পান।
টেলিভিশন ও রেডিও ক্যাটাগরিতে বিদ্যুৎ ও জ্বালানিতে কাফায়েত উল্লাহ চৌধুরী (বাংলাভিশন), অপরাধ ও আইনশৃঙ্খলায় আলমগীর হোসেন (যমুনা টিভি), রাজনীতি, প্রশাসন, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনে মুফতি পারভেজ নাদির রেজা (চ্যানেল ওয়ান), কৃষি ও পরিবেশে নয়ন আদিত্য (চ্যানেল ওয়ান), নারী, শিশু ও মানবাধিকারে মো. গিয়াস উদ্দিন সজীব (চ্যানেল ২৪), ডকুমেন্টারি/প্রোগ্রাম (অনুসন্ধানী) ক্যাটাগরিতে রাশেদ নিজাম (যমুনা টিভি) এবং আর্থিক খাত ও সামষ্টিক অর্থনীতিতে রিমন রহমান (যমুনা টিভি) পুরস্কৃত হন।
সাংবাদিকতাকে ‘সৎ মধ্যস্থতাকারী’ (অনেস্ট ব্রোকার) হিসেবে অভিহিত করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ওই অনুষ্ঠানে বলেন, সাংবাদিকদের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সমালোচনা সরকার এবং রাজনীতিবিদদের সঠিক সিদ্ধান্ত নিতে ও পথ চলতে সাহায্য করে।
ডিআরইউর সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বৈশ্বিকভাবে এবং দেশে নীতি-নৈতিকতার যে অবক্ষয় ঘটেছে, তাতে সাংবাদিক, রাজনীতিবিদ ও অর্থনীতিবিদসহ সবার ‘মোরাল কম্পাস’ বা নৈতিক অবস্থান আজ প্রশ্নের সম্মুখীন। তবে অন্যান্য পেশার তুলনায় সাংবাদিকতার নৈতিক অবক্ষয়ের প্রভাব সমাজে অনেক বেশি পড়ে। কারণ, মানুষের সামনে সত্য তুলে ধরা এবং জাতিকে সঠিক পথ দেখানোর মূল দায়িত্বটি সাংবাদিকরাই পালন করেন।
বক্তব্যের শেষে অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, ডিআরইউর মতো নিরপেক্ষ ও স্বচ্ছ পুরস্কার প্রদানের উদ্যোগ আগামী দিনে বাংলাদেশে সুস্থ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে।
