Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১২ পিএম

প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিন

গার্মেন্টস শিল্পের নিম্নতম মজুরি নির্ধারণ-২০২৬ নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে মাহদী আমিন।

Advertisement

বর্তমান গণতান্ত্রিক সরকার ইতিহাসে দ্রুততম সময়ে মজুরি বোর্ড গঠন করে স্বাধীনভাবে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। 

তিনি বলেছেন, স্বতন্ত্র মজুরি বোর্ড ঐকমত্যের ভিত্তিতে গ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারণ করেছে। এতে সরকারের কোনো সরাসরি হস্তক্ষেপ ছিল না।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সভাকক্ষে গার্মেন্টস শিল্পের নিম্নতম মজুরি নির্ধারণ-২০২৬ নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর শ্রমিকবান্ধব সাতটি উদ্যোগের কথা তুলে ধরে মাহদী আমিন বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে শ্রমঘন এলাকায় সাতটি ১০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নির্মাণ, শ্রমিকদের ফ্যামিলি কার্ড প্রদান, ভর্তুকি মূল্যে চাল সরবরাহ, বাড়িভাড়া ও যানবাহনের খরচ বৃদ্ধি নিয়ন্ত্রণ, শ্রমিকদের সন্তানদের বিনামূল্যে শিক্ষা উপকরণ দেওয়া এবং শ্রমিকদের জন্য বহুতল আবাসন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, সংসদে প্রধানমন্ত্রী ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দিলেও শ্রমিকদের মতামতের ভিত্তিতে তা বাড়িয়ে সাতটি করা হয়েছে। এসব হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টারও থাকবে। ইতোমধ্যে জমি অধিগ্রহণের কাজ চলছে। দ্রুতই হাসপাতালগুলোর কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ফ্যামিলি কার্ডের বিষয়ে মাহদী আমিন বলেন, দ্রুততম সময়ে পোশাকশ্রমিকদের মধ্যে এ কার্ড পৌঁছে দিতে কাজ করছে সরকার। নারী শ্রমিকদের নিজেদের নামে এবং পুরুষ শ্রমিকদের স্ত্রীদের নামে কার্ড দেওয়ার ক্ষেত্রে পোশাকশিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি শ্রমঘন এলাকায় ওএমএসের মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল সরবরাহ করা হচ্ছে। আরও বেশি শ্রমিককে এ সুবিধার আওতায় আনতে ওএমএস কার্যক্রম সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মজুরি বৃদ্ধির পর বাড়িভাড়া ও যাতায়াত খরচ বেড়ে যাওয়ার প্রবণতা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, হুট করে বাড়িভাড়া বাড়ানোর সংস্কৃতি বন্ধে আইনের প্রয়োগ নিশ্চিত করা হবে। এ বিষয়ে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বাড়ির মালিকদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। একইভাবে বাসভাড়া ও পরিবহন খরচ যাতে অযৌক্তিকভাবে না বাড়ে, সে বিষয়েও কাজ করছে সরকার।

শ্রমিকদের সন্তানদের শিক্ষা ব্যয় কমাতে শ্রমঘন এলাকার প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেওয়ার পাশাপাশি মিড-ডে মিল চালু এবং পুনঃভর্তি ফি বন্ধ করা হয়েছে বলেও জানান মাহদী আমিন। শ্রমিকদের আবাসন সংকট নিরসনে বহুতল অ্যাপার্টমেন্ট নির্মাণের বিষয়েও প্রধানমন্ত্রীর ইতিবাচক মনোভাব রয়েছে।

মাহদী আমিন জানান, গত তিন বছরে পোশাকশ্রমিকদের চারটি গ্রেডে নিম্নতম মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। টাকার হিসাবে গ্রেডভেদে মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ থেকে ৬ হাজার ৪৬৫ টাকা।

নতুন কাঠামো অনুযায়ী, প্রথম গ্রেডে মজুরি ১৫ হাজার ৩৫ টাকা থেকে ৪৩ শতাংশ বেড়ে ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ১৪ হাজার ২৭৩ টাকা থেকে ৪০ দশমিক ১১ শতাংশ বেড়ে ২০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৩ হাজার ৫৫০ টাকা থেকে ৪১ দশমিক ৭০ শতাংশ বেড়ে ১৯ হাজার ২০০ টাকা এবং চতুর্থ গ্রেডে ১২ হাজার ৫০০ টাকা থেকে ৩৬ শতাংশ বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামো বিবেচনা করেই নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে। বড়, মাঝারি ও ক্ষুদ্র কারখানার সক্ষমতাও পর্যালোচনা করেছেন বোর্ডের সদস্যরা। মূল মজুরির সঙ্গে বোনাস ও ওভারটাইম যুক্ত হলে অনেক শ্রমিক মাসে ২৫ হাজার টাকা বা তার বেশি বাড়িতে নিতে পারবেন বলে মালিক প্রতিনিধিরা প্রত্যাশা করছেন।

মাহদী আমিন বলেন, সরকার গঠনের পর স্বল্প সময়ের মধ্যে শ্রমবান্ধব শ্রম আইন পাস করা হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত চ্যালেঞ্জ ও শিল্পে জ্বালানি সংকটের মধ্যেও দ্রুত মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সাধারণত পাঁচ বছর পরপর মজুরি বোর্ড গঠন করা হলেও ২০২৩ সালের পর মাত্র তিন বছরের ব্যবধানে ২০২৬ সালে নতুন বোর্ড গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে দেশের পোশাকশিল্পের যাত্রা শুরু হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে এ খাতের ব্যাপক উন্নয়ন ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন।

শিল্প ও শ্রমিককে একে অপরের পরিপূরক উল্লেখ করে তিনি বলেন, শিল্পের বিকাশ ঘটলে কর্মসংস্থান বাড়বে এবং মালিকদের সক্ষমতা বাড়লে শ্রমিকদের সুযোগ-সুবিধাও বাড়বে। শিল্পের জ্বালানি সংকট মোকাবিলায় তৃতীয় এফএসআরইউ স্থাপনের কাজ চলছে এবং জ্বালানি তেলের উৎস বৈচিত্র্যময় করা হচ্ছে।

মজুরি বোর্ডের সদস্যদের প্রশংসা করে মাহদী আমিন বলেন, বোর্ডের সদস্যরা স্বাধীন, নিরপেক্ষ ও স্বতন্ত্রভাবে কাজ করে সবার কাছে গ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারণ করেছেন। এতে সরকারের কোনো সরাসরি প্রভাব বা হস্তক্ষেপ ছিল না। সরকার কেবল প্রক্রিয়াটি সহজ করেছে এবং সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সমর্থন দিয়েছে।

তিনি বলেন, শ্রমিকদের ত্যাগ, শ্রম ও ঘামের বিনিময়েই বিশ্বজুড়ে ‘মেড ইন বাংলাদেশ’ পরিচিতি পেয়েছে। এই অর্জন ধরে রাখতে শিল্প, মালিক, শ্রমিক ও সরকারকে একসঙ্গে কাজ করতে হবে। শান্তিপূর্ণ পরিবেশে কারখানার উৎপাদন অব্যাহত রাখা এবং শ্রমিকদের আনন্দের সঙ্গে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস, মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীসহ বোর্ডের সদস্য, বিজিএমইএ, বিকেএমইএ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনেক শ্রমিক না জানায় মিশ্র প্রতিক্রিয়া: বাবুল আখতার

মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনেক শ্রমিক না জানায় মিশ্র প্রতিক্রিয়া: বাবুল আখতার

মজুরি ঘোষণার দ্বিতীয় দিনেও গাজীপুরে দফায় দফায় সংঘর্ষ

মজুরি ঘোষণার দ্বিতীয় দিনেও গাজীপুরে দফায় দফায় সংঘর্ষ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, ৩০ কারখানায় ছুটি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, ৩০ কারখানায় ছুটি

নতুন ঘোষিত মজুরিতে সন্তুষ্ট না হয়ে ফতুল্লায় শ্রমিকদের বিক্ষোভ

নতুন ঘোষিত মজুরিতে সন্তুষ্ট না হয়ে ফতুল্লায় শ্রমিকদের বিক্ষোভ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ, কোন গ্রেডে কত

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ, কোন গ্রেডে কত

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিন

প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিন

মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনেক শ্রমিক না জানায় মিশ্র প্রতিক্রিয়া: বাবুল আখতার

মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনেক শ্রমিক না জানায় মিশ্র প্রতিক্রিয়া: বাবুল আখতার

আ.লীগ এলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুরুল হক নুর

আ.লীগ এলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুরুল হক নুর

হা‌সিনার দেশে ফেরা নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হা‌সিনার দেশে ফেরা নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম