Logo
Logo
×

Advertisement

জাতীয়

শহীদ মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন ৯০-এর গণঅভ্যুত্থানের ছাত্রনেতারা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম

শহীদ মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন ৯০-এর গণঅভ্যুত্থানের ছাত্রনেতারা

শহীদ ডা. মিলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ৯০-এর গণঅভ্যুত্থানের ছাত্রনেতারা।

Advertisement

১৯৯০ সালের এই দিনে স্বৈরাচারী এরশাদবিরোধী ছাত্র গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের সড়কে সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে নিহত হন ডা. শামসুল আলম খান মিলন। তিনি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) যুগ্ম সম্পাদক।

স্বৈরাচারের পতনের লক্ষ্যে এক দফা আন্দোলনে ৮, ৭ ও ৫ দলীয় জোট এবং সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনে ডা. শামসুল আলম খান মিলন বাংলাদেশের চিকিৎসক সমাজকে স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছিলেন। ওই দিন সকালে ঢাকা মেডিকেল কলেজ থেকে বেরিয়ে রিকশাযোগে পিজি হাসপাতালের উদ্দেশে একটি সভায় অংশ নিতে যাচ্ছিলেন তিনি। তার সঙ্গে ছিলেন তৎকালীন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রাণে বেঁচে গেলেও ডা. শামসুল আলম খান মিলন ঘটনাস্থলেই নিহত হন।

ডা. মিলনের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এরশাদের সামরিক স্বৈরশাসন পতনের দিকে এগিয়ে যায়। স্বৈরাচারের জারি করা জরুরি আইন উপেক্ষা করে ছাত্রসমাজ ও জনতার ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে এরশাদ ৪ ডিসেম্বর ১৯৯০ সালে পদত্যাগের ঘোষণা দেন। ৮, ৭ ও ৫ দলীয় জোট এবং সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতাদের সুপারিশে তৎকালীন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শাহাবুদ্দীন আহমদকে নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে গ্রহণ করা হয়। অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে তার কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়। এর মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটে এবং গণতন্ত্রের বিজয় নিশ্চিত হয়। 

শুক্রবার (২৭ নভেম্বর) শহীদ ডা. মিলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ৯০-এর গণঅভ্যুত্থানের ছাত্রনেতারা। 

৯০-এর গণঅভ্যুত্থানের সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা শহীদ ডা. মিলনের সমাধি এবং টিএসসিতে অবস্থিত তার স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা এক মিনিট নীরবতা পালন করেন।

ডা. মিলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে তৎকালীন সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বজলুর রশিদ ফিরোজ, রাজু আহমেদ, জাহিদ ইকবাল খান, রাজেকুজ্জামান রতন, সাজ্জাদ জহির চন্দন, কাফি রতন, করিম সিকদার, রোকনুজ্জামান রোকন ও সৈয়দ হারুনুর রশিদ।

টিএসসিতে অবস্থিত ডা. মিলনের স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে বক্তব্য দেন বজলুর রশিদ ফিরোজ।

বজলুর রশিদ ফিরোজ বলেন, ‘যে লক্ষ্যে ডা. শামসুল আলম খান মিলন আত্মাহুতি দিয়েছিলেন, সেই লক্ষ্যে গণতন্ত্র আজও বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি। সকল গণতান্ত্রিক সংগঠন ও জনগণের প্রতি আহ্বান, আগামী দিনে যাতে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, সেই লক্ষ্যে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

শহীদ মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন ৯০-এর গণঅভ্যুত্থানের ছাত্রনেতারা

শহীদ মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন ৯০-এর গণঅভ্যুত্থানের ছাত্রনেতারা

কেমন হবে আগামী ২৪ ঘণ্টার শীতের প্রকোপ?

কেমন হবে আগামী ২৪ ঘণ্টার শীতের প্রকোপ?

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা সরকারের

প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা সরকারের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম