পার্বত্য শান্তিচুক্তি ‘কাগজে বাঘ’, পুনর্মূল্যায়ন দাবি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে ‘কাগজে বাঘ’ আখ্যা দিয়ে এর পুনর্মূল্যায়ন এবং প্রয়োজনে বাতিল করে নতুন চুক্তির রূপরেখা প্রণয়নের দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ বাংলাদোশ (সিসিআরএসবিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মাহফুজ পারভেজ।
তিনি বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে ক্ষুদ্র দলীয়, গোষ্ঠীগত ও উপজাতীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। একই সঙ্গে চুক্তির পক্ষগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। শুধু সরকারের ওপর দায়িত্ব চাপিয়ে দিয়ে চুক্তি বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুললে সমস্যার সমাধান হবে না।’
শনিবার (২৮ নভেম্বর) চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘৩০ বছরে পার্বত্য চুক্তি: বাতিল, পুনর্মূল্যায়ন, নতুন চুক্তি?’ শীর্ষক আঞ্চলিক সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম সেন্টার ফর রিজিওন্যাল স্টাডিজ, বাংলাদেশ (সিসিআরএসবিডি) এ সংলাপের আয়োজন করে।
অধ্যাপক মাহফুজ পারভেজ বলেন, ‘আমরা ঘুমে থাকব, চুক্তি ঘুমে থাকবে- একজন আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান বছরের পর বছর গাড়ি চালাবেন, আর এদিক দিয়ে আক্রমণ চলতে থাকবে, বাজার লুট হবে, ব্যাংক লুট হবে, সাধারণ পর্যটকরা জিম্মি হয়ে জীবনের আতঙ্কে পড়বেন, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবেন না, চাঁদাবাজির রাজত্ব চলবে- তারপর আমরা এই চুক্তিকে কীভাবে সফল বলতে পারি?’
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির একজন স্বাক্ষরকারী হিসেবে জনসংহতি সমিতিরও দায়িত্ব রয়েছে। শুধু সরকারকে দায়ী না করে চুক্তির বাস্তবায়নে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। আঞ্চলিক পরিষদের নেতৃত্বকে পার্বত্য অঞ্চলের অন্যান্য জাতিগোষ্ঠীর নেতাদের একত্র করে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
পাহাড়ের অন্যতম সমস্যা হিসেবে গোষ্ঠীকেন্দ্রিক ও ক্ষুদ্র দলীয় রাজনীতিকে চিহ্নিত করে তিনি বলেন, পাহাড়ি নেতৃত্ব এই সংকীর্ণ রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে আসতে না পারলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। পাহাড়ের আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতা এবং বাঙালি নেতৃবৃন্দকেও জাতীয় স্বার্থ ও নিরাপত্তার বিষয়ে সমন্বিত দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে।
নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে অধ্যাপক মাহফুজ পারভেজ বলেন, রাজনৈতিক সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ না নিয়ে পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দেওয়া হয়। পরে নিরাপত্তা বাহিনী সেখানে গেলে আবার সামরিকীকরণের অভিযোগ তোলা হয়।
তার মতে, রাজনৈতিক সংলাপের মাধ্যমে সংঘাতের কারণগুলো দূর করার উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। সীমান্ত সুরক্ষা ও জাতীয় নিরাপত্তার স্বার্থে কোথায় সেনাবাহিনী বা নিরাপত্তা স্থাপনা থাকবে, তা রাষ্ট্রীয় নীতির বিষয়। এ ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখতে হবে।
পার্বত্য অঞ্চলে সেনা ক্যাম্প প্রত্যাহারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, চুক্তির পর যেসব সেনাক্যাম্প প্রত্যাহার করা হয়েছে, সেসব এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়েও মূল্যায়ন প্রয়োজন।
তার অভিযোগ, কিছু জায়গায় ক্যাম্প প্রত্যাহারের পর সন্ত্রাসীরা সেসব স্থান দখল করেছে।
পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক অবস্থান ও আঞ্চলিক নিরাপত্তার বিষয় তুলে ধরে তিনি বলেন, একদিকে সংঘাতময় মায়ানমার, অন্যদিকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর অস্থিতিশীল পরিস্থিতি রয়েছে। এ অবস্থায় বাংলাদেশের সীমান্ত সুরক্ষা, সামরিক বাহিনী ও বিজিবির ভূমিকা জাতীয় নিরাপত্তার অংশ।
পার্বত্য অঞ্চলে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবর্তনের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
এ বিষয়ে বিভিন্ন অভিযোগ ও উদ্বেগ প্রকাশ করে অধ্যাপক মাহফুজ পারভেজ বলেন, পার্বত্য চট্টগ্রামের জাতিগত, ধর্মীয় ও সাংস্কৃতিক বাস্তবতা নিয়ে সামগ্রিকভাবে আলোচনা হওয়া প্রয়োজন। তবে এসব বিষয়ে নিরপেক্ষ তথ্য ও গবেষণার ভিত্তিতে মূল্যায়ন জরুরি।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। বর্তমান চুক্তি পাহাড়ের সব জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে এবং বিদ্যমান সংকট মোকাবিলায় কতটা কার্যকর, তা নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন।
চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে একটি স্বাধীন মূল্যায়ন কমিশন গঠনের প্রস্তাব দিয়ে তিনি বলেন, ব্যক্তিবিশেষ বা কোনো নির্দিষ্ট নেতার মতামতের ভিত্তিতে নয়, পাহাড়ের সব জনগোষ্ঠী ও অংশীজনের মতামত নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। ভূমি বিরোধসহ অন্যান্য সংকট বহুপক্ষীয় সংলাপের মাধ্যমে সমাধানের রূপরেখা তৈরি করতে হবে।
পাহাড়ের উন্নয়নকে শুধু দালানকোঠা ও অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষা, সংস্কৃতি, জীবনমান ও জীবনবোধের উন্নয়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
তার মতে, জনগণের জীবনমানের উন্নয়ন ঘটলে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা কমানো সম্ভব হবে।
অধ্যাপক মাহফুজ পারভেজ বলেন, আগামী ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তির ৩০ বছর পূর্ণ হবে। এই প্রেক্ষাপটে চট্টগ্রাম থেকে নাগরিক সংলাপের মাধ্যমে চুক্তির পুনর্মূল্যায়নের দাবি জানানো হচ্ছে।
প্রয়োজনে চুক্তি বাতিল করে জনগণের আশা-আকাঙ্ক্ষা ও বর্তমান বাস্তবতার আলোকে সব নাগরিকের অংশগ্রহণে নতুন চুক্তির রূপরেখা প্রণয়নের আহ্বান জানান তিনি।
শিক্ষাবিদ ড. শরিফ আশরাফুজ্জামানের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব।
বক্তব্য রাখেন নাজমুল ইসলাম চৌধুরী, হাসিনা জাকারিয়া, রাজনীতিবিদ গোলাম ফারুক ও ইমন মোহাম্মাদ প্রমুখ।
