শাহজালালে উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির সংকেতে উড্ডয়ন বাতিল: ইউএস-বাংলা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা-জেদ্দা ফ্লাইটের উড্ডয়ন বাতিলের কারণ হিসেবে ককপিটে যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। এ সময় রানওয়েতে চাকা ও পৃষ্ঠের অতিরিক্ত ঘর্ষণে ধোঁয়া সৃষ্টি হলেও উড়োজাহাজের ইঞ্জিন, চাকা কিংবা ল্যান্ডিং গিয়ারে আগুন লাগেনি বলে দাবি করেছে তারা।
রোববার (২৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিএম-পাবলিক রিলেশনস মো. কামরুল ইসলাম এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিকাল ৪টা ১০ মিনিটে বিএস-৩৬১ ফ্লাইটটি ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। উড্ডয়নের ঠিক আগে ইন্সট্রুমেন্ট ইনডিকেশন মিসম্যাচের কারণে ককপিটে যান্ত্রিক ত্রুটির সংকেত পান পাইলট। এরপর পাইলট ইন কমান্ড উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত নেন।
ইউএস-বাংলা জানায়, এ ধরনের পরিস্থিতিতে উড্ডয়ন বাতিল করা এভিয়েশনে স্বাভাবিক প্রক্রিয়া। শেষ মুহূর্তে উড্ডয়ন বাতিল করায় রানওয়ের সঙ্গে চাকার অতিরিক্ত ঘর্ষণে ধোঁয়ার সৃষ্টি হয়। তবে উড়োজাহাজের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার বা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব প্রক্রিয়া অনুসরণ করে উড়োজাহাজটি রানওয়ে থেকে পার্কিং এলাকায় নেওয়া হয়। পরে দ্রুত যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। সব যাত্রী নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অবস্থান করছেন।
যাত্রীদের জেদ্দায় নেওয়ার জন্য কিছুক্ষণের মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অন্য একটি উড়োজাহাজ রওনা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ ঘটনায় বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
